১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

‘ঈশ্বরকে ধন্যবাদ বার্সা আরও খেলোয়াড় কেনেনি, নইলে ১০-০ গোলে জিতত’

বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে মজা করে এই কথা বলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 07:56 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

কয়েক বছর ধরেই বার্সেলোনার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। এবার গ্রীষ্মের দলবদলে মাত্র দুজন নতুন ফুটবলার কিনতে পারে তারা। তারপরও, এই মৌসুমে লা লিগায় প্রথম ছয় ম্যাচের সবগুলোই জিতেছে কাতালান দলটি। সবশেষ তিনটিতে তারা গোল করেছে মোট ১৬টি। হান্সি ফ্লিকের দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। মজা করে তিনি বলেছেন, আরও নতুন খেলোয়াড় কিনলে হয়তো আরও বেশি আধিপত্য করত বার্সেলোনা।

গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো ও জিরোনা থেকে তরুণ ফরোয়ার্ড পাউ ভিক্তরকে দলে টানে বার্সেলোনা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওলমোকে কিনতে তাদের খরচ হয় সাড়ে ৫ কোটি ইউরো, আর ভিক্তরের জন্য দিতে হয় ২৭ লাখ ইউরো। 

গত মৌসুমটা বার্সেলোনার কাটে শিরোপাহীন। শাভি এর্নান্দেসকে বরখাস্ত করে কোচের দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে। অনেকে ধারণা করেছিল, নতুন মৌসুমে হয়তো ভুগতে দেখা যাবে তাদের। তবে নতুন কোচের হাত ধরে শুরুটা তাদের দারুণ হয়েছে। লা লিগায় ছয় ম্যাচে শতভাগ সাফল্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সবশেষ তিন ম্যাচে রেয়াল ভাইয়াদলিদকে ৭-০, জিরোনাকে ৪-১ ও ভিয়ারেয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লিকের দল।

এক অনুষ্ঠানে সোমবার ৬২ বছর বয়সী তেবাস বলেন, এবার শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে বার্সেলোনার। 

“ঈশ্বরকে ধন্যবাদ যে, বার্সেলোনা আরও বেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করেনি, অন্যথায় তারা ১০-০ গোলে ম্যাচ জিতত। বার্সা লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দাবিদার।” 

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা যদিও ভালো হয়নি বার্সেলোনার। গত সপ্তাহে প্রথম ম্যাচে মোনাকোর মাঠে ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলে ২-১ গোলে হারে তারা।