Published : 04 Aug 2026, 10:23 PM
রেয়াল মাদ্রিদে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা। তার প্রতি আর্সেনালের আগ্রহের খবরও এসেছে সংবাদমাধ্যমে। এর মধ্যেই অবশ্য ক্লাবের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। নতুন কোচ জোসে মরিনিয়োর সঙ্গে নিজের আলোচনা নিয়ে কথা বলেছেন তিনি।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ অভিযানের পর ছুটি কাটিয়ে সোমবার রেয়ালের অনুশীলনে ফেরেন ভিনিসিউস। পরদিন অনুশীলনের ফাঁকেই ক্লাবের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড তুলে ধরলেন, তার কাছে কী চান কোচ।
“মরিনিয়ো চান আমি যেন আগের মতোই থাকি: সুখী, হাসিখুশি এবং নিজের মতো করে ফুটবল খেলা।”
দুই দিনের অনুশীলন কেমন কেটেছে, সেটিও বললেন ভিনিসিউস। তার মূল লক্ষ্য নতুন মৌসুমের জন্য প্রস্তুত থাকা এবং চোটের ঝুঁকি কমানো।
“অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে, আমরা ক্লান্ত হয়ে শেষ করেছি, কিন্তু এটাই প্রাক-মৌসুম। নতুন কোচ ও নতুন খেলোয়াড়দের সম্পর্কে জানার চেষ্টা করছি।
আমরা সবাই খুব কঠোর পরিশ্রম করছি। লক্ষ্য হলো ম্যাচ খেলার জন্য ফিট থাকা, যাতে আমরা মৌসুম চলাকালীন চোট এড়াতে পারি এবং একে অপরের ওপর নির্ভর করতে পারি।”
রেয়ালের সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন ভিনিসিউস। স্প্যানিশ ও ব্রিটিশ গণমাধ্যমের খবর, চুক্তি নবায়ন নিয়ে ক্লাব ও খেলোয়াড় এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল তাকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে আট বছরে ৩৭৬ ম্যাচে ১২৮টি গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিউস। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে আগামী বছর বিনামূল্যে ছেড়ে দিতে নারাজ ইউরোপের সফলতম ক্লাবটি।