২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৯০ মিনিট ধরে আমাকে অপমান করা হচ্ছিল’, অ্যানফিল্ড-বচসা প্রসঙ্গে সিমেওনে

লিভারপুল সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন আতলেতিকো মাদ্রিদের কোচ।

‘৯০ মিনিট ধরে আমাকে অপমান করা হচ্ছিল’, অ্যানফিল্ড-বচসা প্রসঙ্গে সিমেওনে
উয়েফা অফিসিয়ালের সঙ্গে কথা বলছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 04:07 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

আতলেতিকো মাদ্রিদ যখন তৃতীয় গোলটি হজম করল, হুট করেই যেন মেজাজ হারিয়ে ফেললেন দিয়েগো সিমেওনে। লিভারপুলের সমর্থকের সঙ্গে বচসায় জড়িয়ে দেখলেন লাল কার্ড। এমন আচরণকে অগ্রহণযোগ্য বলার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনও করলেন আতলেতিকো কোচ। 

আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার সিমেওনে বললেন, অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকে একটানা অপমানজনক কথাবার্তা শুনতে হয় তাকে। দীর্ঘ সময় ধৈর্য ধরে রাখলেও লড়াইয়ের একেবারে শেষ দিকে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। এরপর ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। 

রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা লড়াইটিতে শুরুতে ২-০ গোলে পিছিয়ে থাকার পর সমতা ফেরায় আতলেতিকো। প্রতিপক্ষের ডেরা থেকে একটি পয়েন্ট নিয়ে ফেরার আশায় ছিল তারা। কিন্তু যোগ করা সময়ে দৃশ্যপট পাল্টে দেন ভার্জিল ফন ডাইক। অধিনায়কের গোলে স্প্যানিশ ক্লাবটিকে হতাশায় ডুবিয়ে ৩-২ ব্যবধানে জিতে যায় লিভারপুল।

৯২তম মিনিটে ওই গোল হজমের পর এমনিতেই ক্ষুব্ধ ছিলেন সিমেওনে। পরে যখন লিভারপুল সমর্থকদের থেকে ভর্ৎসনা শুনতে হয় তাকে, তখন আর মেজাজ ধরে রাখতে পারেননি। টেকনিক্যাল এরিয়ার পেছনে এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে।

এক পর্যায়ে গ্যালারির দিকে তেড়েও যান সিমেওনে। নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি ঠাণ্ডা করেন। পরে রেফারি এসে লাল কার্ড দেখান তাকে।

ম্যাচ শেষে মুভিস্টারকে সিমেওনে বলেন, ৯০ মিনিট ধরে অপমান সহ্য করে যাচ্ছিলেন তিনি। 

“পুরো ম্যাচ জুড়ে আমাকে অপমান করা হচ্ছিল, কিন্তু, আমাকেই শান্ত থাকতে হবে এবং সব কিছু সহ্য করতে হবে; অপমান, অঙ্গভঙ্গি, ইত্যাদি। ভালো একটি ম্যাচের কথা লিভারপুল বলেছিল, কিন্তু তারা (সমর্থকরা) ম্যাচের পুরোটা সময় পেছন থেকে আমাকে অপমান করেই যাচ্ছিল। আর আমি কিছুই বলতে পারব না, কারণ আমি কোচ।”

“অপমানের বিরুদ্ধে আমার এমন প্রতিক্রিয়া সমর্থনযোগ্য নয়, কিন্তু ৯০ মিনিট ধরে একটানা অপমানিত হওয়া কেমন লাগে, সেটা আপনি বুঝবেন না। রেফারি আমাকে বলেছেন, তিনি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু আমি আশা করি, এই জায়গায় লিভারপুল উন্নতি করতে পারবে। আর কে এমনটা করেছে এটা যদি তারা শনাক্ত করতে পারে, তাকে পরিণতি ভোগ করতে হবে।”

অপমানের ধরন কেমন ছিল, সংবাদ সম্মেলনে সিমেওনের কাছে জানতে চাওয়া হয়। সেটা খোলাসা করেননি ৫৫ বছর বয়সী কোচ।

“অপমানের ধরনটা কেমন ছিল সেদিকে আমি যাচ্ছি না, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমাকে সীমার মধ্যে থাকতে হবে, আমি জানি কোচের বেঞ্চের পেছনে কী চলে, আমি সমাজের এই সমস্যার সমাধান করতে পারব না।”

“কোচরা যখন প্রতিক্রিয়া দেখায়, এটা কখনোই ভালো নয়, তাই না? আমরা যদি ম্যাচের পুরোটা সময় জুড়ে অপমানিত হই… যখন তারা তৃতীয় গোলটি করল, সে আমাকে অপমান করছিল এবং আমি পেছনে ফিরে তাকাই, আমিও তো মানুষ।”

লিভারপুলের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করল আতলেতিকো। প্রতিযোগিতাটিতে পরের ম্যাচে আগামী ৩০ সেপ্টেম্বর আইনট্রাখট ফাঙ্কফুর্টের মুখোমুখি হবে তারা।