মেজর লিগের ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিলেন জিরু
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন অলিভিয়ে জিরু। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিয়েছেন ফরাসি অভিজ্ঞ ফরোয়ার্ড।
৩৭ বছর বয়সী তারকা জিরুকে দলে নেওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে তার নতুন ক্লাব লস অ্যাঞ্জেলেস। বিশ্বকাপজয়ী এই ফুটবলার জুলাইয়ের মাঝামাঝিতে দলটিতে যোগ দেবেন। তার সঙ্গে চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
২০১৮ সালে যার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, সেই উগো লরিসও খেলেন লস অ্যাঞ্জেলেসে। সাবেক জাতীয় দল সতীর্থের সঙ্গে ফের খেলতে যাচ্ছেন জিরু।
আগামী মাসে এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ জিরুর। মৌসুম শেষে সেরি আর ক্লাবটি ছাড়ার ঘোষণা সোমবার দেন তিনি। একই সঙ্গে জানান, এমএলএস-এ যাওয়ার কথাও। কিন্তু কোন ক্লাবে যোগ দেবেন, সেটা তখন খোলাসা করেননি তিনি। একদিন পরই জানা গেল তার নতুন ঠিকানার নাম।
চেলসি থেকে ২০২১ সালের জুলাইয়ে জিরু যোগ দেন মিলানে। ইতালিয়ান ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমেই সেরি আ শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার এই মৌসুমে মিলানের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে গোল করেছেন ১৬টি, অ্যাসিস্ট ১৬টি।
ইতালির ক্লাবটির হয়ে তিন বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩০ ম্যাচে ৪৮ গোল করেছেন জিরু, করিয়েছেন ২০টি।
সেরি আয় ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মিলানের লিগে বাকি দুই রাউন্ড। আগামী শনিবার তোরিনোর মুখোমুখি হবে তারা। ২৬ মে তাদের শেষ ম্যাচ সালেরনিতানার বিপক্ষে।
