২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের অভিযোগের পাল্টা জবাব স্প্যানিশ রেফারি সংস্থার

ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগের জবাবে স্প্যানিশ রেফারি সংস্থার প্রধান বলছেন, ‘আমরা দুর্নীতিগ্রস্ত নই।’

রেয়াল মাদ্রিদের অভিযোগের পাল্টা জবাব স্প্যানিশ রেফারি সংস্থার
লুইস মেদিনা কান্তালেহো

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 08:45 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিনা কান্তালেহো। তিনি জোর দিয়ে বলেছেন, তারা কেউ দুর্নীতিগ্রস্ত নন।

লা লিগায় গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রেয়াল। সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা। 

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপেকে থামাতে পেছনে থেকে মারাত্মক ট্যাকল করেন এস্পানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। পড়ে গিয়ে কয়েকটি ডিগবাজি খান রেয়ালের তারকা ফরোয়ার্ড। ভয়াবহ এমন চ্যালেঞ্জের পর রোমেরোকে শুধু হলুদ কার্ড দেখান রেফারি। পরে জয়সূচক গোলটি করেন রোমেরোই। এছাড়া প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়র জালে বল পাঠালেও গোল দেওয়া হয়নি বিল্ডআপের সময় এমবাপে ফাউল করায়।

চিঠিতে ওই দুটি ঘটনা তুলে ধরে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মধ্যে কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশ করতে বলেছে রেয়াল। রেফারি ব্যবস্থার কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে তারা। 

স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির প্রধান লুইস মেদিনা কান্তালেহো বুধবার এক সাক্ষাৎকারে বলেন, “আমরা দলগুলোর সঙ্গে বাকযুদ্ধে জড়াই না। আমি আগুনে আরও ঘি ঢালতে চাই না।”

“কোনো কিছুর জন্য আমার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই। আমি ও আমার সহকর্মীরা দুর্নীতিগ্রস্ত নই। আমরা অদক্ষ হতে পারি কিংবা আমাদের মান খারাপ হতে পারে, কিন্তু দুর্নীতিগ্রস্ত? না... আমাদের দুর্নীতিগ্রস্ত বলা লোকেদের পছন্দ করি না আমি। আমাকে প্রতিদিন কাজে যেতে হয়, কারণ এছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই, প্রতিযোগিতা চলতেই থাকে। রেফারিরা সম্মানিত। সকল চিঠি, বিবৃতি সত্ত্বেও, কোনো রেফারি কাউকে আঘাত করার মনোভাব নিয়ে স্টেডিয়ামে যান না।”

স্পেনের রেফারিদের মান ও সিদ্ধান্ত নিয়ে অনেকবার অভিযোগ করেছে রেয়াল। ম্যাচের আগে ও পরে রেফারির ভুলগুলো তুলে ধরে তাদের সমালোচনা করে ভিডিও প্রচার করেছে রেয়াল মাদ্রিদ টিভি। রেফারিংয়ের বিষয়ে স্প্যানিশ সরকারকে হস্তক্ষেপ করার আহ্বানও জানিয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।

সম্প্রতি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান বলেন, লা লিগার রেফারিংয়ের মান উন্নত করার জন্য স্পেনে ইংলিশ রেফারি আনতে চাওয়ার ইচ্ছার কথা তাকে জানিয়েছিলেন পেরেস।