ফিলিস্তিনের পতাকা আঁকা টেনিস বল মাঠে ছুড়ে মারায় বিঘ্নিত আয়ারল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচ
গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রবল সমালোচক দেশগুলির একটি আয়ারল্যান্ড এবং ইসরায়েলের বিপক্ষে ম্যাচগুলো বর্জনের দাবিতে সেখানে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
ম্যাচের বয়স তখন ২০ মিনিট পেরিয়েছে। হুট করেই মাঠে উড়ে আসতে থাকল টেনিস বল। ভালো করে খেয়াল করে বোঝা গেল, বলগুলোয় সাঁটানো আছে ফিলিস্তিনের পতাকা আঁকা স্টিকার! গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকেই মাঠে ছুড়ে মারা হলো সেই টেনিস বলগুলি। থমকে গেল খেলা।
নেশন্স লিগে বৃহস্পতিবার আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ার ম্যাচ বিঘ্নিত হয় দুই দফায়। মাঠের লড়াইও ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আইরিশরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অস্ট্রিয়া। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
তবে মাঠের ফুটবল ছাপিয়ে আলোচনার জন্ম দেয় খেলা বন্ধ হওয়ার ঘটনা। প্রায় ৫২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দ্বাদশ মিনিটে ট্রয় প্যারটের গোলে এগিয়ে যায় আয়ারল্যান্ড। এর মিনিট আটেক পরই প্রথম দফায় বন্ধ হয় খেলা।
গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে মাঠে উড়ে আসতে থাকে টেনিস বল। বলগুলোয় মোড়ানো ছিল ফিলিস্তিনি পতাকা এবং “#StopTheGame” লেখা স্টিকার। রেফারি খেলা থামাতে বাধ্য হন। মাঠ পরিষ্কার করার পর খেলা শুরু হয়।
‘স্টপ দা গেম’ নামক একটি প্রচারণা গোষ্ঠী ম্যাচের পর এক বিবৃতিতে জানায়, এটি তাদের “সীমিত টেনিস বল প্রতিবাদ।”
৩৫তম মিনিটে আবার থমকে যায় খেলা। একজন লোক বিপরীত দিক থেকে মাঠে দৌড়ে আসেন। তার হাতে একটি পতাকা ছিল এবং সেটি ফিলিস্তিনের পতাকা ছিল বলে মনে হচ্ছিল। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে মাঠ থেকে বের করে নিয়ে যায়।
উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলের যুদ্ধের সোচ্চার সমালোচক দেশগুলোর একটি আয়ারল্যান্ড। গত ফেব্রুয়ারিতে নেশন্স লিগের ড্রয়ে দুই দেশ একই গ্রুপে পড়ার পর থেকেই ইসরায়েলের বিপক্ষে ম্যাচগুলো বর্জনের দাবিতে দলটির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
গত রোববার হাঙ্গেরিতে নেশন্স লিগের ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড। ম্যাচের আগের দিন আইরিশ ফুটবলারদের মধ্যে দুই দফায় ভোটাভুটি হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ ফুটবলার ম্যাচটি খেলার পক্ষে ভোট দেন। তবে আইরিশ গোলকিপার গ্যাভিন বাজুনু দল থেকে নাম প্রত্যাহার করে নেন।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে বাজুনু ছিলেন। কিন্তু রোববার ইসরায়েলের বিপক্ষে ফিরতি ম্যাচটিতে আবার তিনি থাকবেন না।
এই ম্যাচটি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডেই। কিন্তু ঘরের মাঠের ম্যাচটি সার্বিয়ায় সরিয়ে নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (এফএআই)। খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
গত নভেম্বরে এফএআই সদস্যরা তাদের বোর্ডকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য উয়েফাকে অনুরোধ করতে ভোট দিয়েছিল, কিন্তু জুলাইয়ের এক সভায় ম্যাচগুলো চালিয়ে যাওয়ার পক্ষে একটি প্রস্তাব পাস হয়।
