১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার মাসের জন‍্য ছিটকে গিয়ে বিশ্বকাপ নিয়ে শঙ্কায় মিলিতাও

রেয়াল মাদ্রিদ ডিফেন্ডারের চোট ব্রাজিলের জন‍্যও দুর্ভাবনার।

চার মাসের জন‍্য ছিটকে গিয়ে বিশ্বকাপ নিয়ে শঙ্কায় মিলিতাও
এদের মিলিতাও। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

প্রথমার্ধে দুই জনের কাঁধে ভর দিয়ে এদের মিলিতাও বের হওয়ার সময় যে শঙ্কা জেগেছিল, সেটাই সত‍্যি হলো। লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার। তার চোট ব্রাজিলের জন‍্যও বড় দুর্ভাবনার। 

সব ঠিক থাকলে এপ্রিল নাগাদ ফিরতে পারেন মিলিতাও। তত দিনে ঘরোয়া মৌসুম থাকবে শেষ পর্যায়ে। বিশ্বকাপ চলে আসবে দুই মাসের দূরত্বে। 

শতভাগ ফিট না থাকলে কাউকেই দলে না নেওয়ার কথা জানিয়ে রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেরে উঠার পাশাপাশি মাঠে ফিরে ছন্দ ও ফিটনেস প্রমাণ দেওয়ার চ‍্যালেঞ্জ থাকবে মিলিতাওয়ের কাঁধে।

এর চেয়েও বড় চ‍্যালেঞ্জ সামলাতে হবে তার ক্লাব রেয়ালকে। চলতি মৌসুমে ষষ্ঠ ডিফেন্ডার হিসেবে চোট পেলেন মিলিতাও। রক্ষণ সাজানোর মতো খেলোয়াড়ও থাকছে না ভীষণ চাপে থাকা শাবি আলোন্সোর জন‍্য। 

আগে থেকেই মাঠের বাইরে আছেন দানি কার্ভাহাল, ট্রেন্ট অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ড। তাদের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে কাকে খেলাবেন সেটা ঠিক করতে হিমশিম খাচ্ছেন আলোন্সো। মিলিতাও না থাকায় এবার প্রায় ৩০ ম‍্যাচে আরেকজন সেন্টার ব‍্যাকের প্রয়োজন হবে রেয়াল কোচের। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথমার্ধের মাঝামাঝি সময়ের ঘটনা। সেল্তার পাল্টা আক্রমণে দ্রুত গতিতে ছুটছিলেন পাবলো দুরান। তাক ঠেকাতে তীব্র গতিতে ছুটেন মিলিতাও। ডি বক্সের কাছেকাছি যেতেই তার মুখে পড়ে তীব্র ব‍্যথার ছাপ। মাটিতে লুটিয়ে পড়েন। বাম হ‍্যামস্ট্রিংয়ে চলে যায় হাত। ছুটে আসেন চিকিৎসক। ভিনিসিউস জুনিয়র বদলি নামানোর ইশারা দেন। সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় চোট পেয়েছেন মিলিতাও।

পরদিন সোমবার এমআরআই করানো হয়। তার ফল রেয়াল, ব্রাজিল ও মিলিতাও- সবার জন‍্যই বেদনাদায়ক। 

দুটি এসিএল চোটের ধাক্কায় দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মিলিতাও। চলতি মৌসুমে তৃতীয়বার চোট পেলেন তিনি। আগের দুবার তেমন ভুগতে হয়নি তাকে। এবারের চোট বেশ গুরুতর।