মাঠে নাটকের খেলায় রেয়াল বেতিস ‘স্মার্ট ও চতুর', রেয়াল মাদ্রিদ ‘খাঁটি ও কাঁচা’
রেয়াল মাদ্রিদের কোচ জুজে মরিনিয়ো বললেন, তার দলের ফুটবলাররা ফাউলের শিকার হলেও দ্রুত উঠে দাঁড়িয়েছে, কিন্তু রেয়াল বেতিসের ফুটবলাররা অভিনয় করে ফাউল আদায় করে নিয়েছে।
রেয়াল মাদ্রিদ আর রেয়াল বেতিসের ম্যাচে ফুটবলের লড়াইয়ের বাইরেও অন্য খেলা দেখেছেন জুজে মরিনিয়ো। যে খেলার নাম, ‘রেফারিকে প্রভাবিত করার চেষ্টা।’ সেখানে নিজ দলের ফুটবলারদের একদমই নিখাদ ও সাধাসিধে বলেই মনে করেন রেয়াল মাদ্রিদের কোচ। তার চোখে, রেয়াল বেতিসের ফুটবলাররা এই খেলায় অনেক পরিপক্ক।
এই দফায় রেয়ালের কোচ হয়ে আসার পর লা লিগায় হ্যাটট্রিক জয়ে শুরু করা মরিনিয়ো পেয়েছেন প্রথম পরাজয়ের তেতো স্বাদ। রেয়াল বেতিসের কাছে শুক্রবার তার দল হেরেছে ১-০ গোলে।
যদিও ম্যাচে অনায়াসেই তিন-চারটি গোল করতে পারত রেয়াল মাদ্রিদ। কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া করেছে তার দল। মৌসুমের শুরুটা দারুণ করলেও কিলিয়ান এমবাপে এই ম্যাচ ছিল একদমই বিবর্ণ। সহজ কিছু গোলের সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল করে দলকে একটি পয়েন্ট এনে দিতে পারতেন। কিন্তু ফরাসি তারকা ব্যর্থ হন সেখানেও।
ম্যাচজুড়ে বিভিন্ন সময়ে রেফারির সিদ্ধান্তে বেশ উত্তেজিত দেখা গেছে মরিনিয়োকে। এক পর্যায়ে হলুদ কার্ড দেখানো হয় তাকে।
ম্যাচের পর মরিনিয়োর প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে তার চিরায়ত ছাপ, যেখানে তিনি নিজের মনের কথা বলতে পিছপা হন না, সেটা যত বিতর্কিতই হোক না কেন। রেয়াল মাদ্রিদ কোচের মতে, ম্যাচের ভেতরের নাটকে তার দলের তুলনায় প্রতিপক্ষ ছিল অনেক দক্ষ।
“বেতিসের ফুটবলাররা... সেই অর্থে, তারা রেয়াল মাদ্রিদের চেয়ে বেশি স্মার্ট। রেয়াল মাদ্রিদের ফুটবলাররা এক্ষেত্রে একদম খাঁটি ও কাঁচা। একেবারে সাদাসিধে। খেলার একেবারে শুরুতেই ভালভের্দেকে আঘাত করায় ওদের একজনের পরিষ্কার হলুদ কার্ড ছিল। এক মিনিট পরই ভিনিসিউসকে গুরুতর ফাউল করার জন্য আরেকজনকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল।
কিন্তু রেয়াল মাদ্রিদের ফুটবলাররা (আঘাত পেয়ে পড়ে গেলেও) সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ায়। বেতিসের ফুটবলাররা এখানে বেশি স্মার্ট... তারা বেশি চতুর। দর্শকদের অসাধারণ সমর্থন তো ছিলই, যারা তাদের দলকে প্রবলভাবে উজ্জীবিত করছিল এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করছিল... তারা এই ধরনের কাজগুলো করে দেখাতে পেরেছে।”
পাল্টা প্রশ্নও ছুটে গেল। এখন কি তাহলে এই ‘কাঁচা’ ফুটবলারদেরকে তিনি নাটক করার ট্রেনিংও দেবেন? মরিনিয়ো এবার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে বললেন, প্রতিপক্ষের ধরন বুঝে মাঠে এসব কাজও করা জরুরি।
“না, হয়তো কথাটা ভালোভাবে বোঝাতে পারিনি আমি। দলটা অবিশ্বাস্যরকম কঠোর পরিশ্রম করেছে। তারা সর্বস্ব দিয়ে খেলেছে। ওদেরকে ‘কাঁচা’ বলতে বোঝাতে চেয়েছি যে, বেতিসের ফুটবলাররা চেষ্টা করেছিল রেফারির সিদ্ধান্ত এবং রেয়াল মাদ্রিদের পারফরম্যান্সকে প্রভাবিত করার, যেগুলো স্পষ্টতই হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ। যেমন, পা দিয়ে মাড়িয়ে দেওয়া, যেটা হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ… খেলার প্রথম মিনিটেই ভালভের্দের ওপর পা দিয়ে মাড়িয়ে দেওয়া হলো। তার পরও সে সোজা নিজের পায়ে দাঁড়িয়ে রইল।
রেয়াল মাদ্রিদ অধিনায়কের মতোই আচরণ এটা। কিন্তু আমি অন্য দিক থেকে একটা উদাহরণ দিই, আমার বেঞ্চের সামনেই ওদের একজন নিথর হয়ে শুয়ে ছিল। আমি ভেবেছিলাম অ্যাম্বুলেন্স ডাকতে হবে, গুরুতর অবস্থা! কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমি এটাই বোঝাতে চেয়েছি। এই ধরনের সংস্কৃতি, এই ধরনের মানসিকতার দলের বিপক্ষে খেলার সময় কাঁচা আচরণ করলে তা নিজেদের বিপক্ষেই কাজ করে। তবে আমি আমার ছেলেদের নিয়ে খুব খুশি।”
আর্দা গুল্যারকে তুলে নেওয়ার ক্ষেত্রেও বেতিসের মারমুখি খেলা ভূমিকা রেখেছে বলে দাবি করলেন মরিনিয়ো। ম্যাচ রেয়ালের সেরা পারফরমারদের একজন ছিলেন এই মিডফিল্ডার। কিন্তু তাকে ৬৪ মিনিটে তুলে নেওয়া হয়। কোচের দাবি, বাধ্য হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
“আর্দাকে বসিয়ে দেওয়া কঠিন ছিল। খুবই কঠিন, কারণ সে ভালো খেলছিল। আমি জানি না, কীভাবে সে প্রথমার্ধে হলুদ কার্ড পেল...যখন সে এত বেশি মাঠময় ছুটে বেরিয়েছে... শুধুমাত্র সামান্য একটি ফাউল করেছিল, যে কারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়।
কিন্তু তারপর তারা (বেতিস) তাকে মারতে উঠেপড়ে লেগেছিল, এটা স্পষ্ট। এজন্যই তাকে মাঠ থেকে তুলে নিতে হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল, সে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে। হ্যাঁ, সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু উপায় ছিল না।”
নিজের হলুদ কার্ড নিয়ে অবশ্য খুব বেশি ক্ষোভ বা প্রতিবাদে মুখর হনি ৬৩ বছর বয়সী পর্তুগিজ কোচ।
“দেখুন… আমি জানি না কেন আমাকে হলুদ কার্ড দেওয়া হলো। কিন্তু ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। তখন উঠে দাঁড়িয়ে ওভাবে গিয়েছিলাম, কারণ বেতিসের একজন ফুটবলারকে বেঞ্চের সামনেই প্রায় অচেতন অবস্থায় দেখা যাচ্ছিল… কিন্তু কীভাবে কী হলো, আমি ঠিক জানি না।”
