২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশ্র আবেগের ভেলায় তুরস্কের ডাচ বংশোদ্ভূত খেলোয়াড়রা

ইউরোতে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের লড়াই নিয়ে রোমাঞ্চিত ডাচ বংশোদ্ভূত তুরস্কের ডিফেন্ডার ফেরদি কাদিওগ্লু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 04:56 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

জন্মভূমির বিপক্ষে নামতে হবে মাঠের লড়াইয়ে! স্বাভাবিকভাবেই কাজ করবে মিশ্র আবেগ। দিতে হবে মানসিকতার কঠিন পরীক্ষাও। নেদারল্যান্ডস ম্যাচের আগে কিছুটা সেরকমই অনুভব করছেন ফেরদি কাদিওগ্লু। ডাচ বংশোদ্ভূত তুরস্কের এই ফুটবলার অবশ্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন আসছে লড়াইয়ের।

চলতি ইউরোর কোয়ার্টার-ফাইনালে আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তুরস্ক। কার্ডের নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না নেদারল্যান্ডসে জন্ম নেওয়ার তুরস্কের আরেক ফুটবলার ওরকুন ককচু। 

তুর্কি বাবা ও ডাচ মায়ের সন্তান কাদিওগ্লুর জন্ম নেদারল্যান্ডসের আর্নহেমে। ১৮ বছর বয়সে তুরস্কের ক্লাব ফুটবল খেলতে নেদারল্যান্ডস ছেড়ে যাওয়ার পরেও বয়স ভিত্তিক দলে ডাচদের হয়ে খেলেন তিনি।

২৪ বছর বয়সী কাদিওগ্লু এখন খেলছেন তুরস্কের জাতীয় দলে। ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন এই লেফট ব্যাক। সেদিন ১২.২ কিলোমিটার দৌড়েছিলেন তিনি। বলে সবচেয়ে বেশি ছোঁয়া (৭১ বার) এবং বল দখলের লড়াইয়ে সবচেয়ে বেশিবার (১০) সফল হয়েছিলেন তিনি। করেছিলেন ৬টি ট্যাকল।

তুরস্কের শেষ আটে ওঠার পথে বড় অবদান রাখা কাদিওগ্লু এখন তাকিয়ে নেদারল্যান্ডস ম্যাচের দিকে। 

“নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি আমার জন্য বিশেষ একটি ম্যাচ হবে। তুরস্কের হয়ে নিজের প্রথম টুর্নামেন্টেই কোয়ার্টার-ফাইনালে ওঠা দারুণ ব্যাপার। দলটি খুব কঠোর লড়াই করেছে এবং এতে প্রচুর শক্তি খরচ করেছে। আমরা খুব খুশি।”

“নেদারল্যান্ডস অবশ্যই আমাদের ভয় পায়। আপনি খেয়াল করলে দেখবেন আমরা ম্যাচে কতটা উজাড় করে দিয়েছিলাম নিজেদের। আমরাও বিপজ্জনক সুযোগ তৈরি করেছিলাম এবং রক্ষণাত্মকভাবে ভালো খেলেছি। আমরা দারুণ লড়াই করেছি। সঙ্গে আমাদের দ্বাদশ খেলোয়াড়ও আছে, সেটা হলো আমাদের সমর্থকরা।”

তিন বছর আগেও ডাচদের হয়ে অনূর্ধ্ব-২১ পর্যায়ে খেলছিলেন কাদিওগ্লু। কিন্তু দেশটির হয়ে জাতীয় দলে খেলার পথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ফুটবল খেলতে তুরস্ককে বেছে নেন তিনি।

“আমি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি এবং আমার আশপাশের মানুষের সঙ্গেও আলোচনা করেছি। দুই দেশই আমার প্রিয়। টুর্নামেন্টে আমি সবসময় তুরস্ক এবং নেদারল্যান্ডসকে সমর্থন করতাম। কিন্তু আমাকে বেছে নিতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তুরস্কই আমার পছন্দ ছিল।”

তুর্কি ভাষা এখনও ঠিকমতো বলতে পারেন না কাদিওগ্লু। দেশটির সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি ইংরেজিতে। 

নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন না বিধায় হতাশ ককচু। দেশটিতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার খেলেন ডাচ ক্লাব ফেইনুর্দে। গত বছর আর্না স্লটের কোচিংয়ে দলটির ডাচ লিগ জেতার পথে নেতৃত্ব দেন তিনি।

“এটা খুবই হতাশাজনক। কিন্তু আমি খুশি, বিশেষ করে আমরা শেষ ষোলো পার করতে পারায়। আমি আত্মবিশ্বাসী যে আমার সতীর্থরা নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো একটি ম্যাচ উপহার দেবে।”

হারলেমে জন্ম ককচুর। নেদারল্যান্ডসের বিপক্ষে তুরস্কের সবশেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। ২০২১ সালে আমস্টারডামে হওয়া ম্যাচটি ৬-১ ব্যবধানে জিতেছিল ডাচরা।

ওই ম্যাচটি এখনও স্মৃতিতে আছে ২৩ বছর বয়সী ককচুর, “আমি ম্যাচটির কথা ভুলিনি। এটা নিঃসন্দেহে তেতো স্মৃতি হয়ে থাকবে।”

নেদারল্যান্ডসে তুর্কি সম্প্রদায়ের মানুষ আছে আনুমানিক ৫ লাখের মতো।