২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এমবাপেকে ‘শেষ করে দেবে’ প‍্যারাগুয়ে, শঙ্কায় ছিলেন দেশোঁ

ম‍্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপেকে রক্ষা করার জন‍্য খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিলেন ফ্রান্স কোচ।

এমবাপেকে ‘শেষ করে দেবে’ প‍্যারাগুয়ে, শঙ্কায় ছিলেন দেশোঁ
ফাউলের শিকার হয়ে মাঠে শুয়ে কাতরাচ্ছেন কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 11:23 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

প‍্যারাগুয়ের বিপক্ষে শারীরিক শক্তি নির্ভর লড়াইয়ে পরিণত হওয়া ম‍্যাচে কিলিয়ান এমবাপেকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশোঁ। তার শঙ্কা ছিল, লাতিন আমেরিকার দেশটি হয়তো ‘শেষ করে দেবে’ তারকা ফরোয়ার্ডকে। 

শেষ ষোলোয় অসংখ‍্য ফাউলের ম‍্যাচে ব‍্যবধান গড়ে দিয়েছেন এমবাপেই। সফল স্পট কিকে একমাত্র গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক। প‍্যারাগুয়ের অসংখ‍্য ফাউল ও উস্কানি সয়ে দলকে কঠিন বাধা পার করেছেন তিনি।

অসহ‍্য গরমের মধ‍্যে এলোমেলো ও ফাউল নির্ভর ফুটবলে কোনোমতে জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্টরা। সেখানে তাদের অপেক্ষায় মরক্কো। 

ম‍্যাচের শেষ দিক অসহনীয় হয়ে উঠেছিল। দেশোঁ জানান, সে সময়ে এমবাপেকে রক্ষা করার জন‍্য খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিলেন তিনি।

“শেষের দিকে আমি সবচেয়ে বড়সড় দুজন খেলোয়াড়কে কিলিয়ানের চারপাশে গিয়ে দাঁড়াতে বলেছিলাম, কারণ তারা তাকে ফাউল করে ফেলে দিতে যাচ্ছিল। শেষদিকের সুযোগগুলোর একটি কাজে লাগাতে পারলেও জয়ের ব্যবধান আরও ভালো দেখাত।

“এটা সহজ ছিল না। তারা সম্ভাব‍্য সবধরনের কৌশল ব‍্যবহার করেছিল। এটা সেই ধরনের ফুটবল নয়, যেটা দর্শকদের স্টেডিয়ামে আনবে। তবে ওরা রক্ষণ ভালোভাবে সামাল দিয়েছে। লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই কঠিন।” 

ফ্রান্স বল দখলে এগিয়ে ছিল। কিন্তু নিজেদের নিজেদের অর্ধে গুটিয়ে থাকা প‍্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। দিজিরে দুয়ের ফাউলে পথ পেয়ে যায় ফ্রান্স। পেনাল্টি পেয়ে বাকিটা সারেন এমবাপে।