২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ‘সবচেয়ে কম পরিচিত’ ফুটবলার এখন ‘প্রধানমন্ত্রীর চেয়েও বেশি জনপ্রিয়!’

যার কারণে প্রচার পেলেন, তাকেও ছাড়িয়ে গেছেন এই ‘অখ্যাত’ ফুটবলার।

বিশ্বকাপের ‘সবচেয়ে কম পরিচিত’ ফুটবলার এখন ‘প্রধানমন্ত্রীর চেয়েও বেশি জনপ্রিয়!’
নিউ জিল‍্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার টিম পেইন। ছবি: টিম পেইনের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 04:33 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আসন্ন বিশ্বকাপের দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা নিউ জিল্যান্ডের রক্ষণভাগের এক ‘অখ্যাত’ ফুটবলার হলেন টিম পেইন। একজন ফুটবলার হিসেবে সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা সামান্যই বলা চলে- তবে সেটা কিছুদিন আগের কথা। আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সারের এক প্রচারে ওই ডিফেন্ডার এখন বিখ্যাতদের একজন, অন্তত ইনস্টাগ্রামে তো বটেই।

ইনস্টাগ্রাম ও টিকটকে সুপরিচিত ভালেন স্কারসিনি নামের এই ইনফ্লুয়েন্সার, যিনি মুলত এল্সকার্সো নামে বেশি পরিচিত, সম্প্রতি নিজের একটি ভিডিওতে ওয়েলিংটন ফিনিক্স ও অল হোয়াইটের ওই ডিফেন্ডারের অ্যাকাউন্টে লাইক, কমেন্টস ও ফলো করার অনুরোধ করেন।

এর কয়েক দিনের মধ্যে পেইনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার হাজার ৭১৫ থেকে বেড়ে ছয় লাখ ৬০ হাজার হয়ে গেছে, যা নিউ জিল্যান্ডের প্রধান মন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের চেয়েও বেশি।  

কেবল তাই নাই, অল ব্ল্যাকস রাগবি তারকা অর্ডি সাভেয়া ও স্বয়ং স্কারসিনির চেয়ে বেশি এখন পেইনের ফলোয়ার।

স্কারসিনিকে দেওয়া এক বার্তায় পেইন লিখেছেন, “অবাক হয়ে ভাবছিলাম, কেন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এত হিট হচ্ছে এবং তখনই তোমার পোস্টটি দেখতে পাই।”

“তোমার এই ভালোবাসাকে সম্মান জানাই, ধন্যবাদ ভাই।”

২০২০ সালে কোভিড মহামারীর সময় একবার খবরের শিরোনাম হয়েছিলেন পেইন, নেতিবাচক কারণে। 

অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিন ভেঙে এক সতীর্থকে নিয়ে মদ্যপ অবস্থায় গলফ কার্ট চালিয়ে শাস্তি পেয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের খবর, তখন তাকে ৭০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছিল সিডনির এক আদালত।

সেই থেকে ৩২ বছর বয়সী এই ফুটবলার নিজেকে যেন একটু আড়ালে রাখতে চাইতেন। নিউ জিল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫০টি ম্যাচ খেলা পেইন আছেন তাদের বিশ্বকাপ স্কোয়াডে। বৈশ্বিক আসরে নামার আগে অস্বাভাবিকভাবেই আলোচনায় চলে এলেন তিনি।  

আগামী ১৫ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে নিউ জিল্যান্ডের। ‘জি’ গ্রুপের অন্য দুই দল মিশর ও বেলজিয়াম।