২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নেওয়ার আশায় গুয়ার্দিওলা

বর্ধিত চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের সঙ্গে ঠাসা সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কয়েকজন ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2024, 06:36 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

এই মৌসুমে এখন পর্যন্ত শুধু প্রিমিয়ার লিগেই খেলেছে ম্যানচেস্টার সিটি। সামনে শুরু হচ্ছে অন্যান্য প্রতিযোগিতা। ব্যস্ততাও তাই বেড়ে যাবে। দলটির কোচ পেপ গুয়ার্দিওলার আশা, মূল দলের পাশাপাশি একাডেমির খেলোয়াড়দের ব্যবহার করে ব্যস্ত সূচির সঙ্গে মানিয়ে নিতে পারবেন তারা। 

সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগের শুনানি শুরু হচ্ছে সোমবার। আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে ইংলিশ চ্যাম্পিয়নরা।   

এরপর আগামী রোববার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে তারা খেলবে গত দুই আসরের রানার্সআপ আর্সেনালের বিপক্ষে। পরের মঙ্গলবার লিগ কাপের তৃতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড।

ধারণা করা হচ্ছে, এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ৭৫টি ম্যাচ খেলবে সিটি।

বর্ধিত চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের সঙ্গে ঠাসা সূচি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন কেভিন ডে ব্রুইনে, মানুয়েল আকঞ্জি, বের্নার্দো সিলভাসহ সিটির কয়েকজন ফুটবলার।

পরিস্থিতির সঙ্গে দলকে মানিয়ে নিতে হবে বলে মনে করেন গুয়ার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই স্প্যানিশ কোচ।

“আমার কোনো মতামত নেই (ফরম্যাট নিয়ে)। উয়েফা এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা সেখানে (চ্যাম্পিয়ন্স লিগ) থাকতে চাই, তাই আমরা সেই ফরম্যাটে খেলব।”

“হ্যাঁ, আরও অনেক ম্যাচ আছে (সূচিতে), কিন্তু আমরা কী করতে পারি? বুধবার আমরা ইতালির সেরা দলের বিপক্ষে খেলব, তারপর রোববার গত দুই মৌসুমের সেরা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলব। এরপর মঙ্গলবার আরেকটি ম্যাচ। আমাদের একটি একাডেমি আছে। আমাদের মানিয়ে নিতে হবে এবং মাঠে নামতে হবে। আমি চ্যাম্পিয়ন্স লিগে খেলা পছন্দ করি, তাই আমরা খেলতে যাচ্ছি।”

উয়েফার শীর্ষ তিন প্রতিযোগিতাতেই এবার দলের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৬। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে খেলতে হবে ৮ ম্যাচ। আগামী জুনে যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ।