২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাফিনিয়ার কাছে এই জয় 'টার্নিং পয়েন্ট', লক্ষ্য এবার আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা ব্রাজিল দল এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রতিশোধ নিতে পারে কি-না, সেটাই দেখার বিষয়।

রাফিনিয়ার কাছে এই জয় 'টার্নিং পয়েন্ট', লক্ষ্য এবার আর্জেন্টিনা
কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর রাফিনিয়ার উদযাপন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

গত বছরের শেষভাগে ব্রাজিলের পারফরম্যান্সে কিছুটা উন্নতির আভাস ছিল বটে; তবে শেষ দুই ম্যাচে হোঁচট খাওয়ায় হতাশার মাত্রাও ছিল ঢের। সেসব হতাশা মুছে এখন ঘুরে দাঁড়ানোর পালা। দলটির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে আশাবাদ, দেওয়া হচ্ছে সুদিনের প্রতিশ্রুতি। সেই লক্ষ্যে প্রথম ধাপ সফলভাবে উৎরে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন রাফিনিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ঘরের মাঠে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে দরিভাল জুনিয়রের দল। রাফিনিয়া শুরুতে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান লুইস দিয়াস। পরে শেষ সময়ে ব্যবধান গড়ে দেন ভিনিসিউস জুনিয়র। 

এবারের বাছাইয়ে প্রথম দেখায় গত নভেম্বরে কলম্বিয়ার মাঠে একই স্কোরলাইনে হেরেছিল ব্রাজিল। সেই ক্ষতে এবার প্রলেপ দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাফিনিয়ার কাছে অবশ্য এই জয়ের গুরুত্ব অনেক বেশি।

“জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। শুধু খেলোয়াড় হিসেবে আমাদের জন্য নয়, আমাদের স্টাফ, প্রতিদিন যারা আমাদের সঙ্গে কাজ করেন এবং ভক্ত-সমর্থকরা, সবার জন্যই (এই জয় খুব গুরুত্বপূর্ণ)। আমাদের আত্মবিশ্বাস জোগানোর জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে এখনও অনেক লড়াই বাকি। আমার মতে, এই টার্নিং পয়েন্টটাই আমাদের দরকার ছিল।”

চলতি মৌসুমে ক্লাব বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলে চলেছেন রাফিনিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমে এ পর্যন্ত ১১ গোল করে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে বছরের প্রথম ম্যাচে অবশ্য ওভাবে আলো ছড়াতে পারেননি তিনি, তবে সফল স্পট কিকে তিনিই জয়ের পথ দেখান। ম্যাচ শেষে তার কণ্ঠে ঝরল জয়ের উচ্ছ্বাস; তবে পরমুহূর্তেই ‘অতীত’ হয়ে যাওয়া ম্যাচটি ভুলে সামনের লড়াইয়ে মন দিলেন তিনি।

“অতীতে যা হয়েছে, তা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। ভবিষ্যতে দৃষ্টি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, আজকের ম্যাচ নিয়ে সবকিছু এখানেই শেষ। এখন আমাদের আর্জেন্টিনার বিপক্ষে সামনের ম্যাচ নিয়ে ভাবতে হবে এবং তাদেরকে হারানোর জন্য প্রস্তুত হতে হবে।”

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ব্রাজিল। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। 

আগামী বুধবার চির প্রতিদ্বন্দ্বীদের মাঠেই পরের ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বাছাইপর্বে প্রথম দেখায়, ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

আত্মবিশ্বাসী হয়ে ওঠা ব্রাজিল এবার প্রতিশোধ নিতে পারে কি-না, সেটা এখন দেখার বিষয়।