২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্তানতুয়োনোর শুরুর ঝলকে রোমাঞ্চিত রেয়াল মাদ্রিদ কোচ

রেয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামা আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান ফুটবলারের পারফরম্যান্সে উজ্জ্বল ভবিষ্যতের ছাপ দেখছেন কোচ শাবি আলোন্সো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 01:17 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

মাঠে খেলা চলার ফাঁকে ডাগআউটের ছবি ভেসে উঠল কয়েক দফায়। টিভি ক্যামেরার চোখ বারবার খুঁজে নিল ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। দ্বিতীয়ার্ধে দেখা গেল তাকে গা গরম করতে। একসময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। রেয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামলেন সদ্য ১৮ পূর্ণ করা এই আর্জেন্টাইন।

তুমুল প্রতিভাবান এই ফুটবলারকে নিয়ে কৌতূহলের কমতি নেই। ‘বিস্ময় বালক’, ‘নতুন মেসি’, এরকম নানা নাম পেয়ে গিয়েছিলেন তিনি আর্জেন্টিনার ফুটবলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিসহ ইউরোপের আরও বেশ কিছু ক্লাব তাকে দলে পেতে ছিল আগ্রহী। কিন্তু সেই লড়াইয়ে জয়ী হয় রেয়াল মাদ্রিদ। 

সাড়ে চার কোটি ইউরোতে ছয় বছরের চুক্তিতে ইউরোপের সফলতম ক্লাবে নাম লেখান তিনি। বয়স ১৮ পূর্ণ হওয়ার পর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের হয়ে যান তিনি। মাঠের ফুটবলে রেয়ালের হয়ে পথচলা শুরু হলো মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে।

লা লিগায় রেয়ালের মৌসুম শুরুর ম্যাচে ৬৭তম মিনিটে ব্রাহিম দিয়াসের বদলি হিসেবে নামানো হয় মাস্তানতুয়োনোকে। যোগ করা সময়সহ মোট ৩০ মিনিটের মতো ছিলেন তিনি মাঠে। প্রতিভার কিছুটা মেলে ধরেন সেই সময়ে। বাঁ পায়ের কিছু কারিকুরি, দারুণ কয়েকটি পাস দিয়ে নজর কাড়েন। গোলের কাছাকাছিও গিয়েছিলেন একবার। তবে দুরূহ কোণ থেকে নেওয়া তার শট সরাসরি লাগে গোলকিপারের গায়ে।

মাঠে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। প্রায় ৯০ শতাংশ পাস তার ছিল নিখুঁত।

পিএসজিতে না গিয়ে তার রেয়ালে আসার পেছনে মূল অনুঘটক ছিলেন কোচ। আলোন্সোর সঙ্গে কথা বলার পরই রেয়ালে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। প্রথম ম্যাচে এই তরুণের পারফরম্যান্স মনে ধরেছে কোচের। 

“মনে তো হচ্ছে আমার ভালোই লেগেছে, তাই না? আমি নিজেও তাকিয়ে ছিলাম তাকে দেখতে। কখনও কখনও উপলক্ষের আবেগে অনেকে খেই হারায়। তাকে ভালো মনে হয়েছে। আমার মনে হচ্ছিল সে আজকে দলে অবদান রাখতে পারবে এবং পেরেছেও। ভালো কিছু মিনিট সে মাঠে কাটিয়েছে এবং প্রভাব রেখেছে। এটা ভালো খবর।”

মাস্তানতুয়োনো তো নেমেছেন বদলি হিসেবে, তবে এই ম্যাচ দিয়ে রেয়ালের জার্সিতে শুরুর একাদশেই লা লিগায় অভিষেক হয়েছে তিন ফুটবলারের। তিনজনই ডিফেন্ডার- ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ডিন হাউসেন ও আলভারো কাররেরাস। তিনজনই মাঠে ছিলেন সপ্রতিভ। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড তো লিভারপুলের মতো ক্লাবে খেলে অনেক অভিজ্ঞ একজন। বোর্নমাউথ থেকে আসা হাউসেন ও বেনফিকা থেকে আসা কাররেরাস খেলেছেন দারুণ।

নতুন সবার পারফর‌ম্যান্সেই খুশি কোচ আলোন্সো।

“ওরা ভালো করেছে। হয়তো চোখধাঁধানো কিছু করেনি, তবে সিরিয়াস ছিল সবাই। বের্নাবাউতে খেলতে নেমে এই জার্সির ওজনে ওরা নুয়ে পড়েনি। চারজনই ভালো পারফর্ম করেছে। নার্ভাস খুব বেশি হয়নি।”

“স্নায়ুর চাপ বোঝা যায়নি ওদের, ভুল করেনি তেমন। ওরা সবাই ভালো খেলেছে। ক্লাব বিশ্বকাপে যারা খেলেছে এবং আজকে ফ্রাঙ্কোর (মাস্তানতুয়োনোর) অভিষেক হলো, প্রত্যেকেই নিজেদের মেলে ধরেছে। মাঠে নতুন প্রাণশক্তি বয়ে এনেছিল ফ্রাঙ্কো।” 

প্রথম ম্যাচটিতে অবশ্য রেয়ালের কঠিন পরীক্ষাই নিয়েছে ওসাসুনা। লো-ব্লক ডিফেন্স কৌশল বেছে নিয়ে তারা চার-পাঁচজন, কখনও এমনকি ছয়জনের ডিফেন্স লাইন রেখে খেলেছে। আক্রমণের পর আক্রমণ করেও রেয়াল সেভাবে ফাটল ধরাতে পারেনি সেই রক্ষণ দেয়ালে। ৫১তম মিনিট পেনাল্টি পেয়ে কিলিয়ান এমবাপের গোলে শেষ পর্যন্ত তারা জিতেছে।

ক্লাব বিশ্বকাপের পর নতুন মৌসুমের আগে বিশ্রাম ও প্রস্তুতির যথেষ্ট সুযোগ রেয়াল পায়নি। তিন পয়েন্ট পেয়ে তাই সন্তুষ্ট আলোন্সো। তবে সামনে যে অনেক উন্নতি করতে হবে, দলকে সেই বার্তা দিয়ে রাখলেন কোচ।

“ইতিবাচক কিছু ব্যাপার তো আছেই। সবচেয়ে বড় ইতিবাচক হলো জয়টি। স্রেফ দুই সপ্তাহ অনুশীলন করতে পেরেছি আমরা, লম্বা সময় প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের বিপক্ষে কিছু ঘাটতি আমাদের থাকারই কথা। সেগুলোই ফুটে উঠেছে। কবে এই জয় আমাদের স্থিতিশীল করবে সামনের পথে।”

“ইতিবাচক কিছু ব্যাপার আছে, উন্নতির জায়গাও আছে। সামনের পথ অনেক লম্বা। আমাদের চাঙা ভাব একটু কম ছিল। জয়টি আমাদের স্বস্তি দেবে। এরপর উন্নতির জায়গাগুলো বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে।”