অ্যামুরির চোখেও ‘সহজ ম্যাচকে কঠিন করে তুলেছিল তার দল’
মৌসুমে ভীষণ কঠিন শুরুর পর অবশেষে একটা জয় পাওয়ায় স্বস্তিও পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
প্রতিপক্ষের দুর্ভাগ্য নিজেদের জন্য সৌভাগ্য বয়ে আনার পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক আক্রমণে বার্নলিকে কোণঠাসা করে তোলে তারা। কিন্তু দলটির ফিনিশিংয়ে দুর্বলতা ভাবনার কারণ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম জয় মিললেও, আরও একবার তাদের ঘাটতিগুলো স্পষ্ট হয়ে উঠল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে ইউনাইটেড। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬ শট নিয়ে কেবল ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা। যেখানে বার্নলির ছয় শটের অর্ধেক ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে নাটকীয় মোড় নেওয়া ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় স্বাগতিকরা। লিগে দুই ম্যাচ পর এবং মৌসুমে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল তারা।
ডিফেন্সিভ মিডফিল্ডার জস কালেনের আত্মঘাতী গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার পর, সমতা টানেন লাইল ফস্টার। ব্রায়ান এমবুমোর গোলে ইউনাইটেড আবার এগিয়ে গেলে, জেইডন অ্যান্থনির গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে বার্নলি। এরপর শেষ দিকে ফের্নান্দেসের সফল স্পট কিকে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।
কয়েক বছর ধরে যেভাবে পেছন পানে ছুটছে ইউনাইটেড, গত মৌসুমে যে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা এবং চলতি মৌসুমেও যে বাজেভাবে শুরু করেছে, তাতে শেষ পর্যন্ত কোনোমতে এই জয় পাওয়াটাই দলটির জন্য মুখ্য হয়ে হয়েছে।
দলের ছন্নছাড়া পারফরম্যান্সে ভীষণ চাপে পড়ে যাওয়া কোচ হুবেন অ্যামুরির জন্য এই জয় অনেক স্বস্তির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কণ্ঠেও মনের ভাব ফুটে উঠল। তবে, একই সঙ্গে কিছুটা অসন্তুষ্টও তিনি।
“তিনটি পয়েন্ট, ম্যাচের দিকে দৃষ্টি দিলে বুঝতে পারবেন, প্রথমার্ধেই আমাদের ফল নিশ্চিত করে ফেলা উচিত ছিল। কিন্তু আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছি।”
“দেখুন, প্রথমার্ধে আমরা গোল করার কত সুযোগ পেয়েছি। মনে হতে পারে, আপনি ম্যাচ নিয়ন্ত্রণ করছেন; কিন্তু একটা থ্রো-ইন, একটা সেট পিস (সবকিছু বদলে দিতে পারে)। অবশ্য, কখনও কখনও ফুটবল এমনই।”
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে আছে দলটি। আর ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বার্নলি।
