১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বপ্নের গোল পেয়ে আরও অনেক গোলের আশায় এজে

শুরুটা এমন অসাধারণভাবে হবে, কল্পনাও করেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার।

স্বপ্নের গোল পেয়ে আরও অনেক গোলের আশায় এজে
এবেরেচি এজে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 03:55 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

আগে কখনও সুযোগ হয়নি চ্যাম্পিয়ন্স লিগ খেলার। আর্সেনালে পাড়ি জমানোর পর ফুরায় সেই অপেক্ষা। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে জালের দেখা পাচ্ছিলেন না এবেরেচি এজে। অসাধারণ এক গোলেই সেই প্রতীক্ষা শেষ হলো তার। আত্মবিশ্বাসী কণ্ঠে সামনে আরও অনেক গোল করার আশার কথা শোনালেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বায়ার লেভাকুজেনের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জয়ের পথে চমৎকার গোলটি করেন এজে। লেয়ান্ড্রো ট্রসাডের পাস বাঁ পায়ে রিসিভ করে, শরীর ঘুরিয়েই ২২ গজ দূর থেকে ডান পায়ে বুলেট গতির শট নেন তিনি, কাছের পোস্টের ওপরের কোণা দিয়ে বল খুঁজে পায় ঠিকানা।

আর দ্বিতীয়ার্ধে ডেক্লান রাইসের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে ওঠে কোয়ার্টার-ফাইনালে।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সহজে ম্যাচটি জয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় অপেক্ষা ফুরানোয় স্বস্তি প্রকাশ করেন এজে।

“আমি জানি না, এমন একটা গোল করার স্বপ্নও দেখতে পারতাম কিনা।” 

“এটা স্পেশাল গোল। নিশ্চিতভাবেই দীর্ঘদিন এই গোল আমার হৃদয়ে থাকবে। আশা করি, এটা আমার চ্যাম্পিয়ন্স লিগে অনেক গোলের মধ্যে একটা।” 

ক্রিস্টাল প্যালেস থেকে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে গত গ্রীষ্মে আর্সেনালে নাম লেখান এজে। দলটির হয়ে প্রিমিয়ার লিগে ছয়টিসহ লেভারকুজেন ম্যাচের আগ পর্যন্ত মোট আটটি গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে দুটি অ্যাসিস্টও করেন, অবশেষে এবার সেখানে গোলের খাতাও খুললেন এই ইংলিশ ফুটবলার।