লাল কার্ড পেয়ে ক্ষুব্ধ ফন ডাইক
নেদারল্যান্ডসের হয়ে এই প্রথম লাল কার্ড দেখার অভিজ্ঞতা হলো ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের।
জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলায় লাল কার্ড পাওয়ার অভিজ্ঞতা ছিল না ভার্জিল ফন ডাইকের। গর্বের জায়গাটি আর অক্ষত রইল না। সেই তেতো স্বাদ পেয়েই গেলেন। তবে রেফারির সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। বিশেষ করে, দুই হলুদ কার্ডের প্রথমটি তিনি মানতেই পারছেন না।
উয়েফা নেশন্স লিগে শুক্রবার হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখেন ফন ডাইক। জাতীয় দলের জার্সিতে ৭৭ ম্যাচ খেলে প্রথমবার এভাবে মাঠ ছাড়ার অভিজ্ঞতা হলো তার।
৩২তম মিনিটে গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই দফায় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফন ডাইককে। নেদারল্যান্ডস তখনও পিছিয়ে ছিল। ১০ জন নিয়েও তারা সমতা ফেরাতে পারে ৮৩তম মিনিটে।
প্রথম হলুদ কার্ড তাকে দেখানো হয় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায়। সতীর্থ দনিয়েল মালেনকে ফেলে দেওয়ার পর রেফারির দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন ফন ডাইক। পরেরটি ছিল ফাউলের জন্য, যেটি নিয়ে সংশয়ের অবকাশ নেই।
ম্যাচ শেষে ইএসপিএন নেদারল্যান্ডসকে ফন ডাইক বললেন, তার আপত্তি প্রথম হলুদ কার্ডটি নিয়েই।
“এই লাল কার্ড কোনো কাজের নয়… কোনোভাবেই হওয়া উচিত হয়নি। আমি ক্ষুব্ধ বিশেষ করে প্রথম হলুদ কার্ডটি নিয়ে।”
“তারা বলেন যে, কেবলমাত্র অধিনায়ক গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। আমি তার (রেফারি) দিকে এগিয়ে যাই। পরিস্থিতি ছিল উত্তেজনাময়। তবে মোটেও বাজেভাবে কিছু বলিনি আমি, একদমই না। খুবই শ্রদ্ধাশীল ছিলাম। অধিনায়কও যদি কিছু বলতে না পারে… তাহলে তো কাজটা খুবই কঠিন।”
কোচ রোনাল্ড কুমান তো কখনোই প্রতিক্রিয়া প্রকাশে পিছপা হন না। ফন ডাইকের লাল কার্ডে বিরক্তি প্রকাশ করলেন তিনিও।
“ওই মুহূর্তটি ছিল হতাশাজনক। আমার মাথায় তো কোনোভাবেই ঢুকছে না। আমরা তো সবাই একমত হয়েছিলাম যে, অধিনায়ক গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন।”
“যে ফাউলটি করা হয়েছে (মালেনকে), তা লাল কার্ড পাওয়ার মতো ছিল। বলের দখলে যাওয়ার কোনো চেষ্টাই ছিল না (হাঙ্গেরির ফুটবলারের)। তারপর ভার্জিলকে দ্বিতীয় যে কার্ড দেখানো হলো, উপযুক্ত নয়। সে নিজেও তা জানে।”
পিছিয়ে পড়ার পর ১০ জন নিয়েও সমতা ফেরাতে পারায় অবশ্য সন্তুষ্ট ডাচ কোচ।
“কোনো অবস্থাতেই আমরা হার মানতে প্রস্তুত ছিলাম না। ওয়ান-অন-ওয়ান খেলে আমরা সমতা ফিরিয়েছি। এরপর তারা বিপজ্জনক কিছু আক্রমণ করেছে, তবে আমরা খুব ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। যেভাবে ম্যাচ শেষ করতে পেরেছি আমরা, তাতে স্বস্তির অনুভূতিই পাচ্ছি।”
পরের ম্যাচে সোমবার ডাচদের প্রতিপক্ষ জার্মানি। এমন বড় ম্যাচে অধিনায়ক ও রক্ষণভাগের বড় ভরসাকে না পাওয়ার অস্বস্তি অবশ্য তাদের থাকবে নিশ্চিতভাবেই।
