২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালের বিপক্ষে ‘আকর্ষণীয় লড়াই’ পাশে রেখে চেলসি ম‍্যাচে মনোযোগ আর্তেতার

চ‍্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির বিপক্ষে খেলতে তর সইছে না আর্সেনাল কোচের, তবে প্রিমিয়ার লিগের চ‍্যালেঞ্জ থেকেও চোখ সরাচ্ছেন না তিনি।

রেয়ালের বিপক্ষে ‘আকর্ষণীয় লড়াই’ পাশে রেখে চেলসি ম‍্যাচে মনোযোগ আর্তেতার
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2025, 10:57 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার বাস্তবিক সম্ভাবনা তেমন একটা নেই আর্সেনালের। সত‍্যিকার অর্থে তাদের সম্ভবনা বেঁচে আছে কেবল চ‍্যাম্পিয়ন্স লিগে। শিরোপার সম্ভাব‍্য পথটা অবশ‍্য ভীষণ কঠিন, কোয়ার্টার-ফাইনালে বাধা হয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতাটির সফলতম দল রেয়াল মাদ্রিদ। আগামী মাসের এই লড়াই নিয়ে এখনই রোমাঞ্চিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে প্রিমিয়ার লিগ নিয়েও সমান মনোযোগী তিনি। আপাতত লক্ষ‍্য চেলসিকে হারিয়ে জয়ে ফেরা।

পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলের অগ্রগামিতায় চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেখানে তাদের লড়াই হবে প্রতিযোগিতার বর্তমান ও রেকর্ড ১৫বারের চ‍্যাম্পিয়ন রেয়ালের সঙ্গে। 

এর আগে ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে একবারই খেলেছে আর্সেনাল। ২০০৫-০৬ মৌসুমের ফাইনালে যাওয়ার পথে শেষ ষোলো থেকে তারা বিদায় করেছিল রেয়ালকে। শুক্রবার সংবাদ সম্মলেনে আর্তেতা বললেন, কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছেন তারা।

“আকর্ষণীয় ড্র। আমরা প্রতিযোগিতার সবচেয়ে সমৃদ্ধ ইতিহাসের দলটির বিপক্ষে খেলব। তাদের বিপক্ষে খেলার জন‍্য খুবই রোমাঞ্চিত। তবে এর আগে প্রিমিয়ার লিগে আমাদের কিছু বড় ম‍্যাচ রয়েছে।”

দেশের শীর্ষ লিগে টানা তিন ম‍্যাচে জয়শূন‍্য আর্সেনাল শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে অনেকটা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে আর্তেতার দল ১৫ পয়েন্ট পিছিয়ে। সুযোগে ব‍্যবধান কমিয়ে এনেছে নটিংহ‍্যাম ফরেস্ট (৫১)। বেশি পিছিয়ে নেই চেলসি (৪৯)।

৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনাল ঘরের মাঠে সবশেষ দেখায় চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। তবে এন্টসো মারেস্কার কোচিংয়ে স্ট‍্যামফোর্ড ব্রিজের দলটি অনেক বদলে গেছে বলে মনে করেন আর্তেতা। স্প‍্যানিশ কোচের বিশ্বাস, জমজমাট এক ম‍্যাচের দেখা মিলবে রোববার। 

“এটা এমন দুই দলের লড়াই, যারা নিজেদের খেলার ধরনে খুবই আধিপত‍্য করতে চায়। ‘হাই প্রেস’ এর ক্ষেত্রে যারা খুবই আগ্রাসী এবং বল দখলে রাখতে চায়।”