২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিন্নভিন্ন বার্সেলোনা আর ‘অবিশ্বাস্য’ আলভারেস

বার্সেলোনাকে চার গোলে হারানোর ম্যাচে অসাধারণ খেলেছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস।

ছিন্নভিন্ন বার্সেলোনা আর ‘অবিশ্বাস্য’ আলভারেস
অবশেষে আপন রূপে আলভারেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 02:13 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

দুই মাসের বেশি সময় ধরে গোল পাচ্ছিলেন না হুলিয়ান আলভারেস। সংখ্যায় ১১ ম্যাচ। হৃদয়ে দহন হওয়ারই কথা। জ্বলে ওঠার সেই তাড়নাতেই যেন ছারখার করে দিলেন বার্সেলোনা। গোল করলেন, করালেন ও ম্যাচজুড়ে দুর্দান্ত খেললেন। তার সেই পারফরম্যান্সে উচ্ছ্বসিত আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। 

কোপা দেল রেরর সেমি-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ঘরের মাঠে সপ্তম মিনিটেই আতলেতিকো এগিয়ে যায় এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে। এরপর এই অর্ধের বাকি সময়টায় যেন টর্নের্ডো বয়ে যায় বার্সেলোনার ওপর দিয়ে। একে একে গোল করেন অঁতোয়ান গ্রিজমান, আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেস।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচে। তবে ৪-০ গোলের জয়ের পর ফাইনালের ছবি এখন আঁকতেই পারে আতলেতিকো। 

আলভারেসের গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। গত ৯ ডিসেম্বরের পর তার প্রথম গোল এটি। নিজে গোল করার আগে লুকমানের গোলটিতেও বড় অবদান রাখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

ম্যাচের পর কোচ সিমেওনের প্রতিক্রিয়ার অনেকটা জুড়ে থাকলেন আলভারেস।

“বাস্তবতাই তার পক্ষে কথা বলছে। লুকমানের গোলে তার অ্যাসিস্ট ছিল দুর্দান্ত। প্রথমার্ধে তার (আলভারেস) ওয়ার্ক রেট ছিল অবিশ্বাস্য।”

“গোল করার ক্ষমতা তো তার সবসময়ই আছে। থ্যাংক গড, সে ঘুরে দাঁড়িয়েছে। ওই গোলটি খুব বেশি প্রয়োজন ছিল তার এবং নিশ্চিতভাবেই সামনের পথে এটি তাকে সহায়তা করবে।”

আতলেতিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনার প্রতিক্রিয়াও অনেকটা কোচের মতোই। 

“সে অবিশ্বাস্য এক ফুটবলার, অসাধারণ ছেলে। সবসময়ই জিততে চায়, সে লড়াকু… এবং সবসময়ই উন্নতির চেষ্টা করে যাবে সে, কারণ সে দারুণ ছেলে।”