আলিসনের শূন্যতা মিটিয়ে আর্জেন্টিনায় জয়ের আশায় ওয়েভেরতন
দুই দলেই চোট সমস্যা প্রবল হয়ে উঠেছে, নেই গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়।
কলম্বিয়ার বিপক্ষে পারফরম্যান্সে প্রত্যাশিত দ্যুতি ছড়াতে না পারলেও মিলেছে কাঙ্ক্ষিত জয়, তাতেই ব্রাজিল শিবিরে বইছে স্বস্তি ও আত্মবিশ্বাসের হাওয়া। তবে নির্ভার হওয়ার উপায় নেই, সামনেই যে আর্জেন্টিনার বিপক্ষে ‘সুপারক্লাসিকো’ লড়াই। মূল গোলরক্ষক আলিসনকে হারিয়ে দল একটু ব্যাকফুটে চলে গেলেও তার জায়গায় আসা ওয়েভেরতন আশায় বুক বাঁধছেন।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে চোট পান আলিসন; দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন।
ওই দিনই পরে জানিয়ে দেওয়া হয় পরের ম্যাচে খেলতে পারবেন না আলিসন। ব্রাজিলের জন্য যা ছিল অনেক বড় ধাক্কা। কারণ দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ম্যানচেস্টার সিটির এদেরসন আগে থেকেই নেই, এবার প্রথম পছন্দের লিভারপুল গোলরক্ষকও ছিটকে পড়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে পোস্ট সামলানোটা বড় চ্যালেঞ্জ হতে পারে।
ম্যাচটি আবার হবে আর্জেন্টিনার আঙিনায়, বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে। তবে সেসব কিছুই ভাবাচ্ছে না ওয়েভেরতনকে। জাতীয় দলে ফিরতে পেরেই ভীষণ খুশি তিনি এবং মাঠে নামার আশায় হয়ে উঠেছেন আরও আত্মবিশ্বাসী। সিবিএফ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জয়ের প্রত্যাশা শোনালেন পালমেইরাসের ফুটবলার।
“আমি এখানে আসতে পেরে এবং সবার সঙ্গী হতে পেরে খুব খুশি। এই আবহ সবসময়ই চমৎকার। আমাদের প্রথম অনুশীলন শেষ হয়েছে, খুব ভালোভাবে হয়েছে এবং আমরা ইতোমধ্যে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। কঠোর পরিশ্রম, অনুশীলনের তীব্রতাই ভালো প্রস্তুতির সেরা উপায়। আমাদের আরও দুটি সেশন বাকি আছে এবং মঙ্গলবার দুর্দান্ত একটি ম্যাচ খেলতে সবাই শতভাগ প্রস্তুত হয়ে সেখানে পৌঁছাবে।”
“আমরা ব্রাজিলিয়ান এবং যখন জাতীয় দল খেলে তখন আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়ি এবং একত্রে গলা ফাটাই। আমি (কলম্বিয়ার বিপক্ষে জয়ে) উল্লাস করেছি, উদযাপন করেছি। আলিসনের প্রতি সম্মান রেখে বলছি, শুক্রবার দলে ডাক পাওয়ায়, জাতীয় দলের জার্সি আবার পরতে পারব এবং এখানে সবার সঙ্গে থাকতে পারব ভেবে আমি খুব খুশি হয়েছিলাম। আশা করি, মঙ্গলবার আরেকটি জয় নিয়ে ফিরতে পারব আমরা।“
সবশেষ ম্যাচে জয় পাওয়ায় বাছাইয়ের টেবিলে ব্রাজিলের অবস্থান এখন একটু ভালো, তারপরও আর্জেন্টিনার চেয়ে অবশ্য পিছিয়ে অনেক।
১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে একুয়েডর।
আর ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। আসছে ম্যাচে একটি পয়েন্ট পেলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।
চোটের ছোবলে আর্জেন্টিনাও পাচ্ছে না তাদের অধিনায়ক লিওনেল মেসি, তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা, লাউতারো মার্তিনেসসহ আরও কয়েকজনকে। এরপরও তারা গত শনিবার উরুগুয়ের বিপক্ষে জিতেছে।
