Published : 28 Jan 2026, 06:30 PM
প্রতিপক্ষের চোটে আগের ম্যাচে কোর্টে নামতেই হয়নি। এবার কোর্টে নামতে হলো বটে; কিন্তু ম্যাচ শেষ করতে হলো না নোভাক জোকোভিচকে। প্রথম দুই সেটে হেরে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। চোখ-রাঙানি দিচ্ছিল পরাজয়। তখন চোট ছোবল দিল লরেন্সো মুসেত্তির শরীরে। চেষ্টা করেও পারলেন না তিনি খেলা চালিয়ে যেতে। পরাজয় মুখ থেকে ভাগ্যকে পাশে পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন সার্ব তারকা।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বুধবার র্যাঙ্কিংয়ের চার ও পাঁচ নম্বরের লড়াইয়ে দুই জন ছিলেন ভিন্ন দুই রূপে। গ্রেট জোকোভিচ শুরু থেকেই ছিলেন ছন্নছাড়া, তার কোনোকিছুই ঠিকঠাক হচ্ছিল না। আর মুসেত্তি ছিলেন দারুণ ছন্দে।
রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক জোকোভিচকে কোনোরকম সুযোগ না দিয়েই প্রথম দুই সেট ৬-৪, ৬-৩ গেমে জিতে যান মুসেত্তি। এরপরই তার খেই হারানোর শুরু। ঊরুতে ব্যথা অনুভব করায় মেডিকেল টাইমআউট নেন পঞ্চম বাছাই ইতালিয়ান তারকা। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় হাল ছেড়ে দেন তিনি, প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে বিদায় নেন।
স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে, আরেকজনের সহায়তায় ধীরে ধীরে কোর্ট ছেড়ে যান ২৩ বছর বয়সী মুসেত্তি।
ম্যাচ শেষে জোকোভিচও অকপটে স্বীকার করে নেন, চোট আঘান না হানলে দিনটা হয়তো তার প্রতিপক্ষেরই হতো।
“সে (আজ আমার চেয়ে) অনেক ভালো খেলছিল-আমি বাড়ি ফেরার পথে ছিলাম। কী বলব, বুঝতে পারছি না। এতটুকু শুধু বলতে পারি, তার জন্য আমি দুঃখিত।”
“প্রার্থনা করি, সে যেন দ্রুত সেরে ওঠে। আজ সে বিজয়ী হতো, এতে কোনো সন্দেহ নেই।”
দ্বিতীয় সেট শেষে জোকোভিচকেও পায়ে ফোসকা পড়ার চিকিৎসা নিতে হয়। ম্যাচ ঠিকমতো এগিয়ে গেলে তাকেও হয়তো শারীরিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হতো।
আগের ম্যাচে চেক রিপাবলিকের ইয়াকুব মেনসি চোটে ছিটকে পড়ায় শেষ ষোলোয় কোর্টেই নামতে হয়নি জোকোভিচকে। এবার হারের প্রবল শঙ্কা কাটিয়ে উঠলেন সেমি-ফাইনালে। ভাগ্য যেন ৩৮ বছর বয়সী তারকার পক্ষেই আছে।
২০২৩ সালে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর, গত দুই বছরে বারবার আরেকটি মেজর জয়ের স্বপ্ন ভেঙেছে জোকোভিচের। গত বছর তো চারটি গ্র্যান্ড স্ল্যামের সবগুলোতেই সেমি-ফাইনালে শেষ হয় তার পথচলা। তাতে দীর্ঘ হয় পুরুষ-নারী মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে যাওয়ার।
গত বছর চোটের জন্যও বেশ ভুগতে হয়েছে জোকোভিচকে। তাই আগামী কয়েকদিনে এই চ্যালেঞ্জকেও জয় করতে হবে তাকে।