২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বায়ার্নকে সতর্ক করে কেইন বললেন, ‘মাত্র ১ বছর বাকি’

অনিশ্চয়তার ইতি টানতে ক্লাবকে দ্রুত আলোচনা শুরুর ডাক দিলেন ইংলিশ তারকা।

বায়ার্নকে সতর্ক করে কেইন বললেন, ‘মাত্র ১ বছর বাকি’
বায়ার্ন মিউনিখের অনুশীলনে হ‍্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 05:35 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে হ্যারি কেইনের। সময়ের হিসেবে এক বছরেরও কম। তাই, অনিশ্চয়তার ইতি টানতে ক্লাবকে আলোচনা শুরু করতে বললেন ইংলিশ তারকা।

২০২৩ সালের অগাস্টে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন কেইন। চুক্তি অনুযায়ী, ক্লাবটিতে প্রতি বছর আড়াই কোটি ইউরো পান তিনি। বিশাল অঙ্কের পারিশ্রমিকের প্রতিদানও শুরু থেকে দিয়ে আসছেন এই ফরোয়ার্ড। করেছেন গোলের পর গোল, অবদান রেখেছেন শিরোপা জয়ে।

তবে জার্মানিতে তার দারুণ সফল পথচলাই এখন কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। কারণ, আগামী ৩০ জুন শেষ হবে চুক্তির মেয়াদ। কেইন অবশ্য এ বিষয়ে তেমন চিন্তিত নন। জার্মান পত্রিকা বিল্ডকে তিনি বলেছেন, চুক্তির প্রসঙ্গে তিনি শান্ত আছেন।

“আমরা পরিষ্কার করে জানিয়েছিলাম যে, বিশ্বকাপের পর ও আমার ছুটি শেষে এই বিষয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার সঠিক তারিখ অবশ্য আমি জানি না, তবে আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহে শুরু হবে।

“আমরা আলোচনা শুরু করব এবং আগেই যেমন বলেছি আমরা শান্ত আছি। আমার জানামতে, তারাও শান্ত আছে।”

পরে আবারও নতুন চুক্তির বিষয়ে জোর দিয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার কথা বলেন ইংল‍্যান্ড অধিনায়ক।

“এখন অবশ্যই আলোচনা শুরুর সঠিক সময়, কারণ আমাদের হাতে কেবল একটা বছর বাকি আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে দুই পক্ষই শান্ত আছে এবং আমি নিশ্চিত যে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে আলোচনা হবে।”

বায়ার্ন মিউনিখের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৭ ম্যাচে ১৪৬টি গোল ও ৩৩টি অ্যাসিস্ট করেছেন কেইন।