১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসির মাঠ ছাড়ার ম্যাচে ১০ গোলের রোমাঞ্চে মায়ামির নাটকীয় জয়

সুয়ারেসের হ্যাটট্রিক, ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় ইন্টার মায়ামির, তবে সব ছাপিয়ে দুর্ভাবনা মেসিকে ঘিরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 10:43 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ম্যাচের বয়স ১০ মিনিট হওয়ার আগেই ইন্টার মায়ামির জালে দুই গোল! পরের ১০ মিনিটে দুই দল মিলিয়ে গোল আরও দুটি। শুরুতে যেমন ছিল পূর্বাভাস, ম্যাচজুড়েও তেমনি আক্রমণ আর পাল্টা আক্রমণের ঝড় বয়ে গেল দুই দলের গোলমুখে। প্রথমার্ধেই হ্যাটট্রি করলেন ফিলাডেলফিয়ার মিলান ইলস্কি। হ্যাটট্রিকেই জবাব দিলেন মায়ামির সুয়ারেস। শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়া সেই মায়ামিই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল ১০ গোলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে। 

মেজার লিগ সকারের ম্যাচটিতে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৬-৪ গোলে হারায় ইন্টার মায়ামি।

৩৯ বছর বয়সী সুয়ারেসেরে হ্যাটট্রিকের সঙ্গে মায়ামির হয়ে দুটি গোল করেন হার্মান বের্তেরামে। বাকি গোলটি করে রদ্রিগো দে পল। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ইলস্কির হ্যাটট্রিকের সঙ্গে ফিলাডেলফিয়ার অন্য গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড ব্রুনো দামিয়ানি।

ম্যাচের রোমাঞ্চ, মায়ামির দারুণ জয় ছাপিয়ে অবশ্য শেষ পর্যন্ত বড় হয়ে উঠেছে আরেকটি ঘটনা। ৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পরই বাঁ পায়ের উরুর ওপরের অংশ হাত দিয়ে চেপে ধরেন লিওনেল মেসি। ৭৩তম মিনিটে তিনি মাঠ ছেড়ে যান। ডাগআউটে না বসে সোজা ড্রেসিং রুমে চলে যান মায়ামি ও আর্জেন্টিনা অধিনায়ক।

বিশ্বকাপের আগে ক্লাবের শেষ ম্যাচে তার এভাবে মাঠ ছাড়ার খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে গোটা ফুটবলবিশ্বে। ম্যাচের পর অবশ্য মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো জানান, ক্লান্তি থেকেই মেসির এমনটি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

মায়ামির মাঠে বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচটিতে তৃতীয় মিনিটেই ফিলডেলফিয়াকে এগিয়ে দেন ইলস্কি।  মিনিট পাচেঁক পর বক্সের মধ্যে তাকেই বিপজ্জনকভাবে ফেলে দেন মায়ামির গোলকিপার। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

তিন মিনিট পরই গোছানো আক্রমণ থেকে একটি গোল ফিরিয়ে দেয় মায়ামি। দে পলের কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর মেসি আবার বল বাড়ান তাকেই। কিন্তু দে পল ঠিকমতো ধরতে পারেননি। পেছন থেকে এগিয়ে বল জালে জড়ান ফাঁকা থাকা বের্তেরামে।

১৯তম মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে নেয় ফিলাডেলফিয়া। ফ্রেঙ্কি ওয়েস্টফিল্ডের গড়ানো শট মায়ামির গোলকিপার ঠেকাতে পারলেও দলকে নিরাপদ করতে পারেননি। কাছেই থাকা দামিয়ানি আলতো করে বল পাঠান জালে।

২৮তম মিনিটে মেসির দারুণ ভলি অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। পরের মিনিটেই দৃশ্যপটে সুয়ারেস। ইয়ান ফ্রের চিপ বক্সের ভেতর বুক দিয়ে নামিয়ে চমৎকার ভলিতে গোল করেন তিনি।

এরপর চোখের পলকে সমতায় ফিরে এগিয়েও যায় মায়ামি। ৪১তম মিনিটে বক্সের ভেতর তিন জনের মধ্য দিয়ে দারুণভাবে বল বাড়ান মেসি। নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন বের্তেরামে। দুই মিনিট পরই সুয়ারেসেরে আরেকটি গোলে এগিয়ে যায় দল। 

প্রথমার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে আবার বল জালে পাঠান সুয়ারেস। তবে গোল পাননি অফসাইড হওয়ায়। 

যোগ করা সময়ের খেলা ৯ মিনিট থেকেও বাড়তে থাকে। দ্বাদশ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন ইলস্কি। ম্যাচে তখন ৪-৪ সমতা।

প্রথমার্ধের ওই আট গোলের ঝড়ের পর দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় আর কোনো গোল হয়নি। ৭২তম মিনিটে দে পলের শট অবশ্য ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর মেসির সেই বেরিয়ে যাওয়া। 

৮১তম মিনিটে বের্তেরামের কাছ থেকে নেওয়া শট ফিরিয়ে দেন ফিলাডেলফিয়া গোলকিপার। ফিরতি বল ধরে বের্তেরামে বাড়িয়ে দেন ফাঁকায় থাকা সুয়ারেসকে। আলতো টোকায় হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুয়ের তারকা। এগিয়ে যায় মায়ামি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দে পলের গোলে নিশ্চিত হয় মায়ামির জয়। 

এই রাউন্ডের পর বিশ্বকাপের জন্য দুই মাসের বিরতি পড়ছে মেজর লিগ সকারে। এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে থেকে বিরতিতে যাচ্ছে মায়ামি। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এসসি। .......