২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ধারাবাহিক হওয়ার তাগিদ গুয়ার্দিওলার

প্রতিটি ম্যাচের আগের সংবাদ সম্মেলনে একই ধাঁচের প্রশ্নে যেন কিছুটা বিরক্তিও প্রকাশ করলেন ম্যানচেস্টার সিটি কোচ।

আরও ধারাবাহিক হওয়ার তাগিদ গুয়ার্দিওলার
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 11:14 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

এই ম্যাচ হারলে শিরোপা দৌড় থেকে ম্যানচেস্টার সিটি ছিটকে পড়বে কিনা? এই একই প্রশ্ন শুনতে-শুনতে যেন কিছুটা বিরক্ত পেপ গুয়ার্দিওলা। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের আগেও একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাই উষ্মা ঝরল সিটি কোচের কণ্ঠে। অবশ্য মূল লক্ষ্য জানাতে ভোলেননি তিনি। দলকে আরও ধারাবাহিক হওয়ার তাগিদ দিলেন গুয়ার্দিওলা।

লিগে বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টায় ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এ মুহূর্তে টেবিলে ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গুয়ার্দিওলার দল। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।

ছন্দে থাকা আর্সেনালের ওপর চাপ ধরে রাখতে ফুলহ্যামের বিপক্ষে জয় দরকার ম্যানচেস্টার সিটির। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দল জিতবে কিনা- ফের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করলেন গুয়ার্দিওলা। 

“গত কয়েক সপ্তাহ এবং মাস ধরে যখনই আমি ম্যাচের আগে সাক্ষাৎকার দিতে আসি, সবসময় একই বিষয় সামনে আসে- যদি এই ম্যাচ হারো, তাহলে সবকিছু হারাবে এবং পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে, এমন সব কিছু। তো আমি যা বলতে চাচ্ছি, আমাদের যা করতে হবে, সেটা হচ্ছে ফুলহ্যামকে হারাতে হবে, তাই তো?”

“আর্সেনালের সাথে দুরত্ব বেশি নয়; কিন্তু আর্সেনাল যেভাবে খেলছে, সেটা বিবেচনায় নিলে ৬ পয়েন্টের ব্যবধান অনেক। আমাদের পরের ম্যাচ ফুলহ্যামের মতো দলের বিপক্ষে, যারা প্রতি বছর ভালো থেকে আরও ভালো হচ্ছে। তো দেখা যাক, কী হয়।”

দুই দলের সবশেষ দেখায় সিটির ঘাম ছুটিয়ে দিয়েছিল ফুলহ্যাম। গত ডিসেম্বরে ৯ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত সিটি জিতেছিল ৫-৪ ব্যবধানে। লিগের সবশেষ ম্যাচেও জিতেছে তারা; লিভারপুলের মাঠে, ২-১ গোলে।

অ্যানফিল্ডে পাওয়া জয় সিলভা-হলান্ডদের আত্মবিশ্বাস ঠিকই বাড়িয়েছে, তবে লিগ শিরোপা জিততে সামনের পথচলায় দলকে আরও ধারাবাহিক দেখতে চান গুয়ার্দিওলা।

“আমরা আসলেই ভালো কাজ করেছি। অনেক মাস ধরে আমার এই অনুভূতি ছিল; কিন্তু এখন আমরা যথেষ্ট ধারাবাহিক নই।”

“যেটা আমাদের করা দরকার, তা করলেই এটা হবে। আমি চাই তিন পয়েন্ট পাওয়ার মতো পারফরম্যান্স। আমি চাই, শিরোপা দৌড়ে থাকতে আমাদের যেভাবে খেলতে হবে, আমরা যেন সেভাবেই খেলি।”