২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২২ সালে মেসির মতো ২০২৬-এ রোনালদো বিশ্বকাপ জিতুক’

সেরার প্রশ্নে বিশ্বকাপ জয় পার্থক্য তৈরি করে দেয় বলে মনে করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক ডিফেন্ডার ফ্রকঁ লেবাফ।

‘২০২২ সালে মেসির মতো ২০২৬-এ রোনালদো বিশ্বকাপ জিতুক’
ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্রিস্তিয়ানো রোনালদোর অর্জনের ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ হলেও, একটি শূন্যতা রয়েই গেছে। এখনও যে বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি পর্তুগিজ তারকা। সেরার প্রশ্নে বিশ্বকাপ জয় পার্থক্য তৈরি করে দেয় বলে মনে করেন ফ্রকঁ লেবাফ। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক এই ডিফেন্ডারের চাওয়া, লিওনেল মেসির কীর্তির মতো আগামী বিশ্বকাপ জিতুক রোনালদো।

এক যুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য করেছেন মেসি ও রোনালদো। আর্জেন্টাইন তারকা রেকর্ড আটবার ও পর্তুগাল অধিনায়ক পাঁচবার ব্যালন দ’র জিতেছেন। দুজনই স্প্যানিশ ফুটবলে দীর্ঘদিন খেলায় একটা সময় ছিল, প্রতিনিয়তই তাদের মধ্যে তুলনা চলত, কে সেরা।

ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছু জিতলেও, দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কোনো ট্রফি ছিল না মেসির। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে ফুরায় তার অপেক্ষা। পরের বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ জিতে পূর্ণতা পায় তার ক্যারিয়ার। পরে তিনি আরেকবার জিতেছেন কোপা আমেরিকা। আছে একটি ফিনালিস্সিমা ট্রফিও।

রোনালদো ২০১৬ সালে জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এছাড়া উয়েফা নেশন্স লিগ জিতেছেন দুইবার। কিন্তু বিশ্বকাপ ট্রফি অধরায় রয়ে গেছে তার। ৪০ বছর বয়সী ফরোয়ার্ড সেই অপূর্ণতা ঘোচানোর আরেকটি সুযোগ পাচ্ছেন আগামী বছরের বিশ্বকাপে, যা যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। 

সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, তার লেগ্যাসি বিশ্বকাপ জয়ের ওপর নির্ভর করবে না। গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে নিজের অভিমত তুলে ধরেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লেবাফ। 

“সে মিথ্যা বলেনি, কারণ সে যা অর্জন করেছে, তা ইতোমধ্যেই অসাধারণ। কিন্তু রোনালদো ও মেসি- সব শিরোপার মধ্যে ব্যালন দ’রের জন্য এই দুজনের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল। বিষয়টা এমন হয়ে উঠেছিল যেন, আপনি কাকে পছন্দ করেন? মেসি না রোনালদোকে বেশি? এক দশকেরও বেশি সময় ধরে এমনটি চলেছে।”

“এই খেলোয়াড়রা ইতোমধ্যেই বড় বড় শিরোপা জিতেছে; কিন্তু এটি সত্যি যে, একটি বিশ্বকাপ পার্থক্য তৈরি করে। আমি মাঝে মাঝে রোনালদোর কাজের জন্য সমালোচনা করেছি এবং তার ভক্তদের থেকে আঘাত পেয়েছি। কিছু লোক বলে: ‘জীবনে তুমি কী অর্জন করেছো?’ আমি বলি: ‘আমি বিশ্বকাপ জিতেছি, সে (রোনালদো) জেতেনি।’ সহজ উত্তর! অবশ্যই সে আমার চেয়ে ভালো করেছে, সে দুর্দান্ত খেলোয়াড়; কিন্তু বিশ্বকাপ জয় পার্থক্য তৈরি করে, এমনকি সেটা যদি ফ্রকঁ লেবাফও হয়।”

৫৭ বছর বয়সী লেবাফ মনেপ্রাণেই চান, আগামী বিশ্বকাপের ট্রফি উঠুক রোনালদোর হাতে।

“বিষয়টি এমন ছিল যেন ২০২২ সালের বিশ্বকাপ মেসির জন্য উৎসর্গ করা হয়েছিল। আমি সত্যিই আশা করি, ২০২৬ সালে ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য উৎসর্গ করা হবে। বিশ্বকাপ জয় তার ও পর্তুগালের জন্যও অসাধারণ হবে। পর্তুগালের দলটা অসাধারণ, তাই এটা সম্ভব।”