২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যতিক্রমী উদযাপন নিয়ে বেলিংহ্যাম বললেন, ‘আমি সত্যটা জানি’

তাকে নিয়ে যত সমালোচনা হচ্ছে, সেসবকে পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

ব্যতিক্রমী উদযাপন নিয়ে বেলিংহ্যাম বললেন, ‘আমি সত্যটা জানি’
রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম (বাঁয়ে) উদযাপন করছেন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 03:14 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

মোনাকোর বিপক্ষে আগে-পরে পরিষ্কার দুটি সুযোগ হারানোর মাঝে দলের ষষ্ঠ গোলটি করে কিছু পান করা ভঙ্গিতে উদযাপন করেন জুড বেলিংহ্যাম, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন। জানালেন, তার মাঠের বাইরের আচরণ নিয়ে চলা সমালোচনার জবাবে ‘একটু মজা করেছেন’ তিনি। 

এইতো দিন তিনেক আগে ঘরের মাঠেই ক্লাবের সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছিল বেলিংহ্যামকে, সঙ্গে ভিনিসিউস জুনিয়রকেও। রেয়াল মাদ্রিদের সাম্প্রতিক ব্যর্থতার মূল দায় যেন চাপানো হচ্ছিল তাদের ওপর।

মাঠেই দারুণ পারফরম্যান্সে সমালোচনার জবাব দিলেন তারা। দুজনই মঙ্গলবার রাতে চমৎকার খেলেন। চ্যাম্পিয়ন্স লিগে ৬-১ ব্যবধানে জেতা ম্যাচটিতে তিনটি গোলে অবদান রেখে ও একটি গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হন ম্যাচের সেরা। আর বেলিংহ্যাম দ্বিতীয়ার্ধের শুরু ও শেষ দিকে সহজ দুটি সুযোগ হারালেও, ৮০তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন।

গোল করার পর ওই ব্যতিক্রমী উদযাপনের মাঝে তার মুখে ছিল হাসি আর বারবার কিছু পান করার ভঙ্গি করছিলেন। পরে টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, চারিদিকে যেসব মিথ্যা খবর ছড়ানো হচ্ছে, সেদিকে ইঙ্গিত করেই অমন উদযাপন করেন তিনি।

“অনেক মানুষ অনেক কথা বলে। সেসব আপনি দুইভাবে নিতে পারেন: এজন্য আপনি চোখের জল ঝরাতে পারেন এবং হাহাকার করতে পারেন অথবা আইনী ব্যবস্থা নিতে পারেন অথবা এসবের সঙ্গে মানিয়ে নিয়ে জীবন উপভোগ করতে পারেন। সমর্থকদের উদ্দেশ্যে ওটা ছিল একটু মজা আর মানুষ যা ইচ্ছা বলতে পারে।”

“আমি সত্যটা জানি, আমার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে আমি জানি। এই দল ও খেলায় আমি কতটা দিচ্ছি, সেটাও আমি জানি। বাইরে কে কী বলল, সেসবে আসলে আমার কিছু যায় আসে না। কিছুটা মজা করতে পেরে ভালো লাগছে।”

দারুণ এই জয়ে পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে তারা, পৌঁছে গেছে সরাসরি শেষ ষোলোয় খেলার খুব কাছে।