রেয়াল-ডর্টমুন্ডের ম্যাচে বেলিংহ্যাম ভাইদের প্রতীক্ষিত সেই লড়াই হচ্ছে না
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রেয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন জুড বেলিংহ্যাম, কিন্তু তার ছোট ভাই জোব বেলিংহ্যাম খেলতে পারবেন না বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে।
রেয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড নিজেদের কাজটা ঠিকঠাক করতে পেরেছে। শেষ ষোলোয় প্রত্যাশিত জয়ের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। কিন্তু বেলিংহ্যাম ভাইদের সেই বহুল প্রতীক্ষিত লড়াই হচ্ছে না। কারণ, নিজের কাজটা ভালোভাবে করতে পারেননি ছোট ভাই জোব বেলিংহ্যাম!
মন্তেরেইয়ের বিপক্ষে ম্যাচের ২৮তম মিনিটেই নিশ্চিত হয়ে যায়, ডর্টমুন্ড জিতলেও কোয়ার্টার-ফাইনালে খেলতে পারবেন না জোব। নেলসন দেওসাকে ফাউল করে তখন হলুদ কার্ড দেখেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসানের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন জোব। কাকতালীয়ভাবে, সেটিও ছিল ম্যাচের ২৮তম মিনিটে!
টানা দুই হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন জোব। কোয়ার্টার-ফাইনালে তাই দুই বছরের বড় ভাই জুড বেলিংহ্যামের সঙ্গে মোকাবেলা হচ্ছে না তার।
মেক্সিকোর ক্লাব মন্তেরেইকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে ডর্টমুন্ড। একই দিনের অন্য ম্যাচে ইউভেন্তুসকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় জুড বেলিংহ্যামের রেয়াল মাদ্রিদ।
সেমিতে ওঠার লড়াইয়ে আগামী শনিবার মুখোমুখি হবে এই দুই দল।
ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচ ম্যাচ শেষে জানালেন, নিষেধাজ্ঞার ব্যাপারটি জানতে পেরে অবাক হয়েছেন জোব বেলিংহ্যাম।
“আমরা তো ম্যাচের সময়ই দেখেছি, সে খুবই হতাশ ছিল। আমার মনে হয়, সে জানত না যে দুটি হলুদ কার্ড পেলে নিষিদ্ধ হতে হবে। মাঝবিরতিতে জানতে পেরে কিছুটা বিস্মিত হয়েছে সে।”
দ্বিতীয়ার্ধের দশম মিনিটেই জোবকে তুলে নেন কোচ। ম্যাচের পর তিনি জানান, পারফরম্যান্স নয়, বরং লাল কার্ডের শঙ্কাতেই তাকে নেওয়া হয়।
জোবের ক্যারিয়ার এগোচ্ছে জুডের পথ ধরেই। জুডও ফুটবলবিশ্বে নজর কেড়েছেন ডর্টমুন্ডের হয়ে খেলেই।
তারা দুজনই মিডফিল্ডার, খেলতে পারেন সামনেও। নিজ শহরের দল বার্মিংহ্যাম সিটির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু দুজনেরই। পরে ১৭ বছর বয়সে ডর্টমুন্ডে পাড়ি জমান জুড। সেখানে তিন বছর থেকে নজরকাড়া পারফরম্যান্সের পর ২০২৩ সালে নাম লেখান রেয়াল মাদ্রিদে। দুর্দান্ত পারফরম্যান্সে দ্রুতই দলের অপরিহার্য অংশ হয়ে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করেন সময়ের সেরা ফুটবলারদের একজন হিসেবে।
বার্মিংহ্যাম সিটির হয়ে শুরুর পর জোব দুই বছর ছিলেন সান্ডারল্যান্ডে। বড় ভাইকে অনুসরণ করে গত মাসে তিনি ডর্টমুন্ডে পা রখেন পাঁচ বছরের চুক্তিতে। এবারই ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ড ট্রান্সফার ফি পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ইউরো। সদ্য প্রিমিয়ার লিগে ওঠা যে কোনো দলের জন্য যা রেকর্ড ট্রান্সফার ফি।
এই ক্লাব বিশ্বকাপ দিয়েই ডর্টমুন্ডের হয়ে অভিষেক হয় জোবের। প্রথম ম্যাচে মাঠে নামেন বদলি হিসেবে। পরের ম্যাচে প্রথমবার সেরা একাদশে জায়গা পেয়ে প্রথম গোলের স্বাদও পেয়ে যান।
তার ও তাদের পরিবারের জন্য স্মরণীয় উপলক্ষ্য হতে পারত শনিবারের কোয়ার্টার-ফাইনাল। গোটা ফুটবল বিশ্বের বাড়তি কৌতূহলও থাকত দুই প্রতিভাবান ভাইয়ের মুখোমুখি লড়াই নিয়ে। কিন্তু সব সম্ভাবনার অপমৃত্যু হলুদ কার্ডের খাঁড়ায়।
ডর্টমুন্ডের কোচ অবশ্য বলছেন, দুই ভাইয়ের দ্বৈরথ সামনে অনেকবারই দেখা যাবে।
“দেখুন, সে (জোব) এখনও তরুণ। তার ভাইয়ের বয়সও এমন কিছু নয়। আমি নিশ্চিত, সামনে তারা পরস্পরের মুখোমুখি হবেই। হয়তো সামনের চ্যাম্পিয়ন্স লিগে এবং ভবিষ্যতেও। ভবিষ্যত তাদেরই।”
“হ্যাঁ, ক্লাব বিশ্বকাপেও তাদের দেখা হলে দারুণ হতো। তবে সেটা হচ্ছে না। তার জায়গায় অন্য কাউকে খেলাতে হবে। তাতেও আমার সমস্যা নেই।”
