২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসকে বর্ণবাদী আক্রমণ: এবার ভাইয়াদলিদের ৫ সমর্থকের জেল

স্পেনে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আচরণকে প্রথমবারের মতো ‘হেইট ক্রাইম’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ভিনিসিউসকে বর্ণবাদী আক্রমণ: এবার ভাইয়াদলিদের ৫ সমর্থকের জেল
রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 08:27 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের দায়ে শাস্তি পেয়েছেন আরও পাঁচ জন। তাদেরকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। 

এটিকে বলা হচ্ছে ‘ঐতিহাসিক’ রায়। লা লিগা বুধবার বিবৃতিতে জানিয়েছে, স্পেনে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আচরণকে প্রথমবারের মতো বর্ণ ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচনা করা হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে লা লিগায় রেয়াল ভাইয়াদলিদের মাঠে রেয়াল মাদ্রিদের ২-০ গোলে জয়ের ম্যাচে ঘটে ওই ঘটনা। স্টেডিয়ামে উপস্থিত স্বাগতিক দলের সমর্থকদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিউস।

ভাইয়াদলিদের প্রাদেশিক আদালত ওই পাঁচ জনকে এক বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক হাজার ৮০ থেকে এক হাজার ৬২০ ইউরো পর্যন্ত জরিমানা করেছে।

আগামী তিন বছরের মধ্যে কোনো অপরাধ না করার শর্তে তাদের কারাদণ্ডের শাস্তি স্থগিত থাকবে। অবশ্য এই সময়ের মধ্যে কোনো ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন না তারা।

স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে সচরাচর কারাবাস করতে হয় না। 

ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের ঘটনায় গত বছরের জুনে ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছিল আদালত। 

দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা ছিল সেটি। তবে সেটি বর্ণ ও জাতিগত বিদ্বেষমূলক অপরাধের ভিত্তিতে ছিল না।

২০১৮ সালে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস।