বিশ্বকাপের বাকি ১৫ দিন: অনিন্দ্য সুন্দর ব্রাজিলের ১৯
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ১৫ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে ব্রাজিলিয়ানদের পায়ে ফুটে ওঠা ফুটবলের অনিন্দ্য সৌন্দর্য্যের গল্প।
১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে শিরোপা জয়ের অভিযানে মোট ১৯টি গোল করেছিল ব্রাজিল। কোনো আসরে ট্রফি জয়ের পথে তাদের চেয়ে বেশি গোল করতে পেরেছে কেবল পশ্চিম জার্মানি, ১৯৫৪ সালের সুইজারল্যান্ড আসরে তারা করেছিল ২৫ গোল।
বিশ্বকাপ জয়ের অভিযানে সবচেয়ে কম গোল করার রেকর্ড স্পেনের, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা আসরে তারা সাত ম্যাচে করেছিল আট গোল।
ব্রাজিল ১৯ গোলের ১১টিই করেছিল তিনটি নকআউট ম্যাচে; মারিও জাগালোর দল পেরুকে ৪-২, উরুগুয়েকে ৩-১ ও ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল।
ইতালির বিপক্ষে ওই ফাইনাল জয়ের পথে শেষ দিকে অসাধারণ সুন্দর একটি গোল করেন কার্লোস আলবের্তো। বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে আর কেউ ফাইনাল জিততে পারেনি।
দ্রুতই ওই আসরের ব্রাজিল দলের নাম পড়ে যায় ‘দা বিউটিফুল টিম।’
সেলেসাওদের হয়ে সেবার সর্বোচ্চ সাতটি গোল করেন জার্জিনিয়ো। তালিকায় তার পরে আছেন পেলে (৪), রিভেলিনো (৩) ও তোস্তাঁও (২)।
