পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ? যা বললেন কোচ
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের মতো জাতীয় দলের জার্সিতেও নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন রোনালদো? কোচ রবের্তো মার্তিনেসের কথায় নেই পরিষ্কার উত্তর।
ফ্রান্সের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর ফের উঠে আসছে অবধারিত এক প্রশ্ন। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ কি খেলে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো? পরিষ্কার উত্তর মেলেনি। দলের কোচ রবের্তো মার্তিনেসের কথায়ও নেই স্পষ্ট বার্তা।
রোনালদো ঘোষণা দিয়েছেন, তার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এটি। টাইব্রেকারে জিতে শেষ আটে নাম লেখালেও, ফ্রান্সের বিপক্ষে একইভাবে হেরে কোয়ার্টার-ফাইনালে থেমেছে পর্তুগিজ মহাতারকার যাত্রা।
ইউরোর ব্যাপারে স্পষ্ট বার্তা দিলেও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনও কিছু বলেননি ৩৯ বছর বয়সী মহাতারকা। টুর্নামেন্ট থেকে বিদায়ের পর কোচের কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে পর্তুগাল অধিনায়কের ভবিষ্যৎ। তবে পরিষ্কার কিছু বলেননি মার্তিনেস।
"এই ব্যাপারে (রোনালদোর শেষ ম্যাচ কিনা) কথা বলার জন্য এটি খুবই তাড়াহুড়ো হয়ে যায়। মাত্রই ম্যাচ শেষ হয়েছে। কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত হয়নি এখনও।”
ইউরোয় নিজের শেষ ম্যাচটা তেমন ভালো করতে পারেননি রোনালদো। ৯০ মিনিটের খেলা ড্র থাকার পর অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পান অভিজ্ঞ ফরোয়ার্ড। কিন্তু ডান দিক থেকে পাওয়া বল প্রথম ছোঁয়ায় উড়িয়ে মারেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
পুরো আসরে একরকম নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেননি ইউরোর রেকর্ড গোলদাতা। ২০০৪ থেকে টানা ছয়টি টুর্নামেন্ট খেলে তার নামের পাশে মোট ১৪ গোল। ইউরোয় ১০ গোলও নেই আর কারও।
২০১২ ও ২০২০ সালে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। ২০১৬ সালে তিনি জেতেন সিলভার বুট। সেবারই ফ্রান্সকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। রোনালদো পান আন্তর্জাতিক শিরোপার ছোঁয়া।
সব মিলিয়ে পর্তুগালের হয়ে ২১২ ম্যাচে রোনালদোর গোল ১৩০টি। এর মধ্যে বিশ্বকাপে ২২ ম্যাচে তিনি করেছেন ৮ গোল। বিশ্বকাপের টানা পাঁচ আসরে গোল করা একমাত্র ফুটবলার তিনি। অবসর না নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেললে রেকর্ডটি আরও বাড়ানোর সুযোগ থাকবে রোনালদোর।
