বার্সেলোনার আক্রমণভাগে চমকের আভাস দিলেন কোচ
এখনও কোনো স্ট্রাইকার না পেলেও, তাতে চিন্তিত নন বলে জানালেন হান্সি ফ্লিক।
নতুন মৌসুম শুরুর অনেক আগে থেকেই একজন স্ট্রাইকারের প্রয়োজনের কথা বারবার বলে আসছেন বার্সেলোনা কোচ, যদিও তার সেই চাওয়া এখনও পূরণ হয়নি। এরই মধ্যে চলে এসেছে মাঠে নামার দিনক্ষণ। লা লিগায় এলচের বিপক্ষে অভিযান শুরুর ম্যাচে তাই এই পজিশনে থাকতে পারে চমক, জানালেন হান্সি ফ্লিক।
এলচের মাঠে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সেলোনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার (১টায় এএম)।
গত কয়েক মৌসুমে গোলের জন্য মূল ভরসা হয়ে থাকা রবের্ত লেভানদোভস্কি বিদায় নিয়েছেন। এই গ্রীষ্মে ক্লাব ছেড়ে গেছেন ফরোয়ার্ড ফেররান তরেসও। তাদের শূন্যতা পূরণে একজন নাম্বার নাইন খুব দরকার দলটির।
সেটা এখনও না হলেও, বর্তমান স্কোয়াডে যারা আছেন, তাদের দিয়েই শুরুর লক্ষ্য পূরণে আশাবাদী ফ্লিক।
“আমাদের দলে অনেক বিকল্প খেলোয়াড় আছে। অবশ্যই আমি জানি, কারা খেলবে। আগামীকাল দলে চমকও থাকতে পারে।”
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেসকে দলে নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। তবে সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে বলেও শোনা গেছে।
এ বিষয়েও প্রশ্ন করা হয় ফ্লিককে। সরাসরি উত্তর না দিলেও বলেন, তিনি মোটেও চিন্তিত নন।
“এখনও কোনো নাম্বার নাইন চুক্তিভুক্ত করতে না পারায় আমি চিন্তিত নই।
“অন্য ক্লাবের খেলোয়াড় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। (বার্সেলোনার ক্রীড়া পরিচালক) দেকো ও আমি প্রতিদিন কথা বলি। এর সবকিছুই দল ও ক্লাব নিয়ে। কেবল দেকো, আমি আর কয়েকজন জানি যে, আসলে আমরা কী চাই। দেকো খুব ভালো কাজ করছে।”
