লিভারপুল কোচের লক্ষ্য এখন শীর্ষ চার
ব্যর্থতার বৃত্তে বন্দি দলটির কোচ আর্না স্লটের মতে, এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই।
ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের আঙিনা, কোথাও সাফল্যের দেখা পাচ্ছে না লিভারপুল। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার দৌড় থেকে একরকম ছিটকে পড়েছে তারা। বাস্তবতা মেনে নিয়ে কোচ আর্না স্লট বলেছেন, লিগ টেবিলে সেরা চারে ফেরাই এখন তার মূল লক্ষ্য।
সাফল্যের চেনা পথ হারিয়ে ফেলা লিভারপুল এখন লিগে নবম স্থানে আছে। ১৪ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তাদের উপরে ম্যানচেস্টার ইউনাইটেড (অষ্টম) ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন (সপ্তম)।
লিগে চতুর্থ স্থানের চেলসি (২৪ পয়েন্ট) থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে লিভারপুল। প্রথম তিনটি স্থানে যথাক্রমে আর্সেনাল (৩৩ পয়েন্ট), ম্যানচেস্টার সিটি (২৮ পয়েন্ট), অ্যাস্টন ভিলা (২৭ পয়েন্ট)।
প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়নরা এবার কোনোভাবেই ব্যর্থতা থেকে পুরোপুরি বেরুতে পারছে না। সবশেষ ৯ লিগ ম্যাচে স্রেফ দুটিতে জয়ের স্বাদ পেয়েছে তারা।
গত ম্যাচে লিভারপুল ১-১ ড্র করেছে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের বিপক্ষে। আরেকটি লিগ ম্যাচে শনিবার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। এর আগে নিজেদের লক্ষ্যের কথা বললেন স্লট।
“আমার কাছে মনে হয়, এই মৌসুমে প্রিমিয়ার লিগ কতটা ভালো সেটাই বলছে পয়েন্ট টেবিলের এই অবস্থান, যেমনটি গত মৌসুমেও ছিল, তবে প্রতি মৌসুমেই প্রতিযোগিতাটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে- স্পষ্ট কারণ, সবার কাছেই এখন প্রচুর টাকা আছে।”
“এটাই বলে দিচ্ছে ব্যবধান এখনও কতটা সূক্ষ্ম। নিশ্চিতভাবেই আমাদের প্রথম লক্ষ্য শীর্ষ চারে ফিরে আসা। কারণ এই মুহূর্তে যে অবস্থানে আছি, তাতে নিশ্চিতভাবেই খুশি নই।”
