জানুয়ারি থেকে ওলমোকে না পাওয়ার শঙ্কায় বার্সেলোনা
মৌসুমের শেষ পর্যন্ত স্প্যানিশ ফরোয়ার্ডের নিবন্ধন বাড়ানোর জন্য কাতালান ক্লাবের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
মৌসুমের দ্বিতীয়ভাগে বার্সেলোনার হয়ে দানি ওলমোর খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। মৌসুমের শেষ পর্যন্ত স্প্যানিশ ফরোয়ার্ডের নিবন্ধন বাড়ানোর জন্য কাতালান ক্লাবের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
পাঁচ কোটি ৭০ লাখ ট্রান্সফার ফিতে গত গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ওলমো। প্রায় ১০ বছর পর তিনি পুরোনো ঠিকানায় ফিরলেও, ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে তাকে লা লিগায় নিবন্ধন করাতে পারছিল না কাতালান ক্লাবটি।
পরে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়লে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। ২০০৭-২০১৪ পর্যন্ত ক্লাবটির যুব একাডেমিতে খেলা এই ফুটবলারের নিবন্ধনের জন্য আদালতে আবেদন করে বার্সেলোনা। তবে তা খারিজ হয়ে গেছে বলে ইএসপিএন শুক্রবার তাদের প্রতিবেদনে জানিয়েছে।
২০২৩ সালে মূল দলে মিডফিল্ডার গাভিকে নিবন্ধন করা নিয়েও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল বার্সেলোনা। তবে সেবার আদালতের রায় তাদের পক্ষে গিয়েছিল। তাই এবারের রায় তাদের বিপক্ষে যাওয়াটা কিছুটা অবাক করার মতো।
মৌসুমের জন্য লা লিগায় বার্সেলোনার বার্ষিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৬০ লাখ ইউরো। তারা সেই সীমা পার করে ফেলেছে। যার ফলে নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে তাদের।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ২৬ বছর বয়সী ওলমো।
