বিশ্বকাপ বাছাইয়ের শেষ ২ ম্যাচেও ইয়ামালকে পাচ্ছে না স্পেন
জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগেভাগে না জানিয়ে ১৮ বছর বয়সী উইঙ্গারের অস্ত্রোপচার করানোয় সমালোচনা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কুঁচকির চোটে গত মাসে স্পেনের দুই ম্যাচে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। সেই সমস্যার চিকিৎসার কারণেই বিশ্বকাপ বাছাইয়ে দেশের আসছে দুই ম্যাচেও খেলা হবে বার্সেলোনা উইঙ্গারের।
কুঁচকির চোটেই সম্প্রতি এই তরুণ তারকা বার্সেলোনার পাঁচ ম্যাচে খেলতে পারেননি। সমস্যাটা পুরোপুরি সারিয়ে তুলতে সোমবার তার রেডিওফ্রিকোয়েন্সি অস্ত্রোপচার করানো হয়।
তাই স্পেনের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ১৮ বছর বয়সী উইঙ্গারকে। জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ দুটির আগে মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
তবে জাতীয় দলকে না জানিয়ে ইয়ামালের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে আরএফইএফ।
“জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগে না জানিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। তারা বিষয়টি জানতে পেরেছে গত রাত ১০টা ৪০ মিনিটে পাওয়া একটি প্রতিবেদনের মাধ্যমে, যেখানে (ইয়ামালকে) ৭ থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।”
স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন ইয়ামাল। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তিনি ১১ ম্যাচ খেলে ছয়টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে স্পেন ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে। প্রতিপক্ষের জালে ১৫ গোল দিয়ে এখনও হজম করেনি একটিও।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। এরপর মঙ্গলবার ঘরের মাঠে তারা খেলবে তুরস্কের বিপক্ষে।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে গ্রুপের সেরা দলগুলো সরাসরি খেলবে ২০২৬ সালের বিশ্বকাপে। আর রানার্সআপ দলগুলো খেলবে প্লে-অফে।
