২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে তিন গোলের হার ঋতুপর্ণা-তহুরাদের

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ পারেনি পরে ঘুরে দাঁড়াতে।

থাইল্যান্ডে তিন গোলের হার ঋতুপর্ণা-তহুরাদের
থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মেয়েরা পারেনি কোনো চমক দেখাতে। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

এক যুগ পরের দেখায় শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে পারল না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হেরে গেল তারা। 

থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচে সোমবার ফের মুখোমুখি হবে দুই দল।

গত জুলাইয়ে উইমেন’স এশিয়ান কাপের বাছাই পেরুনোর ইতিহাস গড়ার পর এই প্রথম খেলতে নামল ঋতুপর্না-তহুরারা। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর পেল হারের তেতো স্বাদ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪তম) চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা থাইল্যান্ড (৫৩তম) প্রথম মিনিটেই এগিয়ে যায় ওরাপিন ওয়েনগিওনের গোলে। প্রথমার্ধে শেষ করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম ও ৮৬তম মিনিটে পাত্তারানান বাড়ান ব্যবধান।

২০১৩ সালে সবশেষ দেখায় থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়েছিল তিক্ত অভিজ্ঞতাই, সেবার ৯-০ গোলে হেরেছিল তারা। 

আগামী মার্চে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে এই প্রীতি ম্যাচগুলো খেলছে বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে মেয়েদের কারো শরীরী ভাষা, কারো মানসিকতা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। মাঠে আলোর স্বল্পতা নিয়েও ক্ষোভ উগরে দিলেন এই ইংলিশ কোচ।

“আমি জানি না আদৌ এটি টায়ার-১ প্রীতি ম্যাচ ছিল কি না। কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন পরিবেশে খেলেছি, যেখানে আলোর মাত্রা অতটা ভালো ছিল না। তবে আমার মতে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু পেয়েছি আমরা। কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছে, এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করব না।”

“কেউ যদি আমার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না, যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়। হার-জিতের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি শেখার প্রক্রিয়া এবং সম্মানের বিষয়। আমরা অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি— শিখা, নবিরন, জয়নব, সাগরিকা, মুনকি, রিপা ও হালিমা। ম্যাচটি আসলে জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি। বরং উন্নয়নমূলক/প্রস্তুতি ম্যাচের মতো লাগছিল। ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে। তবে আবারও বলছি এই ম্যাচ থেকে আমি অনেক কিছু পেয়েছি। কখনও কখনও হেরে যেওয়া ম্যাচ অনেক কিছু শেখায়।”