২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়োতে আপত্তি নেই আলোন্সোর, হারলেও অভিযোগ নেই দলের খেলায়

ম্যানচেস্টার সিটির কাছে হারার পর ঘরের মাঠের দর্শকেরা দুয়ো দিয়েছে রেয়াল মাদ্রিদকে, তাতে অবশ্য সমস্যা দেখছেন না কোচ শাবি আলোন্সো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 12:50 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ম্যাচের শেষ দিকে গ্যালারি থেকে ভেসে এলো দুয়ো আর শিস দেওয়ার সুর। শেষ বাঁশি বাজার পর সেই আওয়াজ উচ্চকিত হলো আরও। ঘরের দর্শকদের প্রতিক্রিয়া পরিষ্কার ফুটে উঠল তাতে। তবে সমর্থকদের সেই তেতো উপহার আলিঙ্গন করেও নিচ্ছেন শাবি আলোন্সো। ম্যাচ হারলেও দলের প্রতি আঙুল তোলার কোনো জায়গাও দেখছেন না রেয়াল মাদ্রিদ কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ হেরে যায় রেয়াল মাদ্রিদ। গত রোববার ঘরের মাঠেই তারা লা লিগার ম্যাচে ২-০ গোলে হেরেছিল সেল্তা ভিগোর কাছে।

লা লিগায় আগের ম্যাচটিতে জিতলেও এর আগে টানা তিন ম্যাচ তারা জিততে পারেনি। একসময় শীর্ষে থাকা দলটি এখন পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে পেছনে পড়ে গেছে চার পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগেও নেমে গেছে সাতে।

সিটির বিপক্ষে হারের পর সমর্থকদের চেপে রাখা ক্ষোভ প্রকাশ্যে বেরিয়ে এসেছে দুয়ো আর শিস হয়ে। ম্যাচের পর আলোন্সো বললেন, এসবকে তিনি দর্শকদের ভালোবাসা হিসেবেই দেখছেন।

“ঘরের মাঠে না জিততে পারলে এসব (দুয়ো) হতেই পারে। ম্যাচজুড়ে সমর্থকদের প্রাণশক্তি আমরা অনুভব করেছি। দলের যখন প্রয়োজন ছিল, দলকে তারা উজ্জীবিত করেছে। ম্যাচ শেষে যদি তারা দুয়ো দিয়ে থাকে, আমরা সেটার কারণ বুঝতে পারছি এবং মেনে নিচ্ছি। এখানে প্রত্যাশা সবসময়ই অনেক উঁচুতে।”

সিটির বিপক্ষে ম্যাচটিতে হারলেও গোলের সুযোগ বেশি তৈরি করেছে রেয়াল। আক্রমণ করেছে অনেক। কিন্তু গোলমুখে কার্যকর হতে পেরেছে সামান্যই। গোলে ১৭টি শট নিলেও লক্ষ্যে ছিল স্রেফ দুটি। 

দল যেভাবে মাঠে লড়েছে, সেটির প্রশংসাই করছেন কোচ। পরিশ্রম ও প্রতিজ্ঞা দিয়ে দুঃসময় পেরিয়ে যাওয়ার আশা তার কণ্ঠে। 

“অনেক চোট সমস্যা সামলাতে হচ্ছে আমাদের। তার পরও ছেলেরা লড়াই চালিয়ে গেছে, শেষ পর্যন্ত চেষ্টা করেছে, নিজেদের সবটুকু উজাড় করে খেলেছে। আজকে আমার কোনো অভিযোগ নেই, সমালোচনা করার কিছু নেই। আমাদের ছেলেরা প্রতি দিন চেষ্টা করে যাচ্ছে, ওদের মানসিকতার প্রশংসা করতেই হবে।”

“আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নভেম্বর-ডিসেম্বরের ফলাফল ভালো হয়নি, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। তবে আত্মসমালোচনা করছি আমরা। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে, সময়টা পেরিয়ে যাবে।”