২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২ বছর বয়সে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন নিকো হিদালগো।

৩২ বছর বয়সে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু
নিকো হিদালগো। ছবি: রেসিং সান্তানদের

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো নিকো হিদালগোকে। মাত্র ৩২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন স্প্যানিশ ফুটবলার।

হিদালগোর মৃত্যুর খবর শনিবার জানিয়েছে তার পুরনো ক্লাব গ্রানাদা ও কাদিস। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এই মিডফিল্ডার।

স্প্যানিশ ক্লাব মত্রিলের হয়ে শুরু হিদালগোর ফুটবল ক্যারিয়ার। ২০১০ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। ২০১২ সালে গ্রানাদা ‘বি’ দলে যোগ দেন তিনি।

দুই বছর পর ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে পাড়ি জমান হিদালগো। কিন্তু মূল দলে খেলার সুযোগ পাননি। নতুন দলে যোগ দেওয়ার পরপরই গ্রানাদায় ধারে খেলতে যেতে হয় তাকে। 

এরপর ২০১৬ সালে কাদিসে ধারে খেলেন হিদালগো। পরের বছরই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পাকাপাকি চুক্তি করেন তিনি। এছাড়াও রেসিং সান্তানদের ও এক্সত্রেমাদুরার হয়েও খেলেন এই স্প্যানিয়ার্ড।

২০২১ সালে তার ক্যান্সার ধরা পড়ে। পরের বছরই অবসরের ঘোষণা দেন তিনি। এবার পৃথিবীকেই বিদায় বলেন হিদালগো।