হ্যাটট্রিক করে ‘আরেকটি যুদ্ধের’ জন্য প্রস্তুত জেসুস
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুদিন বাদে পরবর্তী লড়াইটিও ভীষণ কঠিন হবে বলে মনে করেন আর্সেনাল ফরোয়ার্ড।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গাব্রিয়েল জেসুস। তিনি নিজেও দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। দুদিন বাদে একই দলের বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামতে হবে; সেখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে সতীর্থদের সতর্ক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে আর্সেনালের শুরুর একাদশে নিয়মিত সুযোগ পান না জেসুস। তার পারফরম্যান্সেও ছিল না পুরোনো ঝলক। তবে, বুধবার লিগ কাপে শুরু থেকে সুযোগ পেয়ে জ্বলে উঠলেন তিনি। ৩-২ গোলে জিতে প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠল তারা।
চতুর্থ মিনিটে পিছিয়ে পড়া দলকে ৫৪তম মিনিটে সমতায় ফেরান জেসুস। এরপর ৭৩ ও ৮১তম আরও দুবার জালে বল পাঠিয়ে নায়ক হয়ে ওঠেন তিনি। পরে প্যালেস একটি ব্যবধান কমালেও আর্সেনালের জয়ের পথে বাধা হতে পারেনি।
প্রিমিয়ার লিগে গত দুই রাউন্ডে জিততে পারেনি আর্সেনাল। তাতে শিরোপা লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়েছে দলটি। তিন ম্যাচের মধ্যে প্রথম জয়ের আশায় আগামী শনিবার প্যালেসের মাঠে নামবে তারা। এখানে জয়ের আত্মবিশ্বাস পেলেও জেসুস সতর্ক ‘শক্তিশালী’ প্রতিপক্ষকে নিয়ে।
“তাদের আক্রমণভাগে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, মাঝমাঠে আছে, রক্ষণেও আছে, তাই আমাদের লড়তে হবে।।”
“আমরা জানি, আজকের মতো (আসছে লড়াই) সহজ হবে না। তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, শক্তিশালী স্কোয়াড আছে। আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে এবং আমাদের ম্যাচটা জয়ের চেষ্টা করতে হবে।”
চলতি মৌসুমে মাঠে বেশ ভুগতে হচ্ছে জেসুসকে। এবারের প্রিমিয়ার লিগে এখনও জালের দেখা পাননি তিনি। তবে, এই হ্যাটট্রিকে হতাশা মুছে ফেলার আত্মবিশ্বাস পাচ্ছেন জেসুস।
ম্যাচটি শুরুর আগে জেসুস জানান, তার জীবনসঙ্গী সন্তানসম্ভবা। হ্যাটট্রিকটি অনাগত ওই সন্তানকে উৎসর্গ করেন জেসুস।
১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।
