ইতালির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের জন্য জার্মানি দলে ফিরলেন ৮ জন
ইউলিয়ান নাগেলসমানের দলে আছেন একজন নতুন মুখও।
ইন্টার মিলানের রক্ষণে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন জার্মান ডিফেন্ডার ইয়ান বিসেক। আর উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগের ম্যাচের জন্য পাঁচ বছর পর জার্মানি দলে ফিরলেন মাইন্সের মিডফিল্ডার নাদিম আমিরি।
জার্মানির বয়সভিত্তিক দলে খেলা বিসেক চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন। ইন্টারের ঘরের মাঠ সান সিরোর সবকিছুই তার খুব ভালো করে চেনা; আগামী ২০ মার্চ এখানেই ইতালির বিপক্ষে প্রথম লেগের লড়াইয়ে নামবে জার্মানি। তিন দিন পর ডর্টমুন্ডে মাঠে গড়াবে ফিরতি লেগ।
আমিরি জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২০ সালে। দারুণ পারফরম্যান্সে এবারের বুন্ডেসলিগার টেবিলে তৃতীয় স্থানে থাকা মাইন্সের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি; মৌসুমে সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।
জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমানের বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে আরও সাত জন ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড কারিম আদেইয়েমি ও বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা।
আর চোট পেয়ে মাঠের বাইরে আছেন বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ ও আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ।
