চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-পিএসজির লড়াই অলিম্পিক স্টেডিয়ামে
চ্যাম্পিয়ন্স লিগে এবার আর কাম্প নউয়ে খেলা হবে না কাতালান ক্লাবটির।
কাম্প নউ এখনও প্রস্তুত না হওয়ায় এবারের মৌসুমেও বিকল্প পথে হাঁটতে হচ্ছে বার্সেলোনাকে। তাই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি প্রায় ৫৬ হাজার দর্শক ধারণক্ষমতার মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইউরোপ সেরার প্রতিযোগিতার প্রাথমিক পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১ অক্টোবর পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।
সংস্কার কাজ এখনও শেষ না হওয়ায় কাম্প নউয়ে ফিরতে পারছে না বার্সেলোনা। দুই বছরের বেশি সময় ধরে চলছে স্টেডিয়ামটির সংস্কার কাজ। সংস্কার চলার মাঝেই কয়েকবার এই মাঠে ফেরার পরিকল্পনা করেছিল তারা, কিন্তু অনুমতি মেলেনি।
এবারের লা লিগায় প্রথম তিনটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলেছে বার্সেলোনা। গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ছিল তাদের প্রথম হোম ম্যাচ। কিন্তু কাম্প নউ প্রত্যাশিত সময়ে প্রস্তুত না হওয়ায় ম্যাচটি ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলার অনুরোধ করে বার্সেলোনা, তা ফিরিয়ে দেয় লা লিগা।
গত দুই মৌসুমে বার্সেলোনা তাদের ‘হোম’ ম্যাচগুলো খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। কিন্তু সেখানে তখন কনসার্ট হওয়ায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি ওই মাঠে খেলতে পারেনি তারা। তাই বিকল্প হিসেবে বেছে নিতে হয় ৬ হাজার দর্শক ধারণক্ষমতার একাডেমির মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম, যেখানে মূলত খেলে বার্সেলোনার নারী দল।
সেই ম্যাচে ভালেন্সিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় হান্সি ফ্লিকের দল।
উয়েফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে লিগ পর্বসহ সবগুলো ‘হোম’ ম্যাচ খেলতে হবে একই স্টেডিয়ামে। অর্থাৎ, এবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করতে হবে বার্সেলোনার।
ইউরোপ সেরার প্রতিযোগিতার চলতি আসর জয় দিয়ে শুরু করেছে বার্সেলোনা। সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা।
আগের দিন ঘরের মাঠে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে পিএসজি।
