২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির অর্থের ঝনঝনানি নিয়ে ক্লপের মন্তব্যে বিস্মিত নন গুয়ার্দিওলা

লিভারপুল কোচ আগেও একই অভিযোগ করেছেন বলে বিষয়টি নিয়ে খুব বেশি ভাবার অবকাশ পাচ্ছেন না ম্যানচেস্টার সিটি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 05:01 PM

Updated : 22 Oct 2022, 05:05 PM

কাতারি মালিকানায় আসার পর বছরের পর বছর ধরে খেলোয়াড়দের পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচ করে আসছে ম্যানচেস্টার সিটি। বিষয়টা নিয়ে চর্চাও হয় খুব। সম্প্রতি এ প্রসঙ্গে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, এত এত খরচ করতে সক্ষম দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

পেপ গুয়ার্দিওলা কাছে অবশ্য ক্লপের এমন মন্তব্য মোটেও অবাক করার মতো কিছু নয়। কারণ, আগেও ঠিক এমন কথা বলেছেন জার্মান কোচ।

গত রোববার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগের সংবাদ সম্মেলনে বিষয়টি নতুন করে সামনে আনেন ক্লপ। সিটি, নিউক্যাসল ইউনাইটেড ও পিএসজির মতো ‘রাষ্ট্রীয়-মালিকানাধীন’ ক্লাবগুলোর আর্থিক শক্তিমত্তার সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য নেই বলে মন্তব্য করেন তিনি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরু থেকে পথহারা লিভারপুল অবশ্য ওই ম্যাচে ১-০ গোলে জয় পায়। পরের ম্যাচেও তারা একই ব্যবধানে হারিয়ে দেয় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে।

এই দুই জয়ে লিগ টেবিলে ১১ নম্বর থেকে সপ্তম স্থানে উঠেছে ক্লপের দল, ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৬।

দুই নম্বর সিটির চেয়ে এখন তারা ৭ ও শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে।

নিজস্ব সুত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, ক্লপের মন্তব্য ভালোভাবে নেয়নি সিটি। লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে খেলবে ম্যানচেস্টারের ক্লাবটি। আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, তার কাছে এটা নতুন কিছু নয়।

“প্রথমত, এটা আমার কাছে অবাক হওয়ার মতো বিষয় নয়, কারণ তিনি প্রথমবার এমনটা বলেননি। আমি বলছি যে, গত পাঁচ বা ছয় বছরে তিনি যে প্রথমবার এমন কথা বললেন তা নয়। (আমার মনোযোগ) ব্রাইটন ম্যাচের দিকে।”