‘ফেভারিট নয়’ রিয়াল, আনচেলত্তি বলছেন 'এটাই ভালো'
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ।
বর্তমান চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি আসর শুরুর প্রাক্কালে বাজির দরে ফেভারিটের তালিকায় শীর্ষে নেই রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও চিত্রটা ছিল একই। তবে সবার ভাবনাকে ভুল প্রমাণ করে, সব হিসাবনিকাশ বদলে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় তারাই। আবারও তেমন কিছুর পুনরাবৃত্তির ব্যাপারে আশাবাদী দলটির কোচ কার্লো আনচেলত্তি।
ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযান শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ বললেন, ফেভারিটের তালিকায় না থাকাই তার কাছে বরং ইতিবাচক দিক।
২০২১-২২ মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে তাদের শুরুটা ঠিক চ্যাম্পিয়ন সুলভ ছিল না। তবে নকআউট পর্বে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের গল্প লেখে তারা। শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল থেকে একে একে বিদায় করে দেয় পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে। এরপর ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল।
স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু হবে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের অভিযান। সেল্টিকের মাঠে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
মাদ্রিদের ক্লাবটির এবার শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে সামান্যই। বাজিকরদের শীর্ষ চার ফেভারিটের তালিকায়ও নেই রিয়াল।
সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনচেলত্তি বলেন, তিনি বরং এটিকে ইতিবাচকভাবে দেখছেন। গতবারও বিষয়টা এরকমই ছিল। তিনি আশাবাদী, সব ধারণা পাল্টে দিয়ে তার দল শিরোপা ধরে রাখতে সমর্থ হবে।
“বাজির দরে ফেভারিট না হওয়াটা আমার কাছে অবাক হওয়ার মতো কিছু নয়। আমি মনে করি, এটি একটি ভালো দিক।”
“আমার মনে হয়, গত বছর পরিসংখ্যানের আলোয় আমাদের এটি (চ্যাম্পিয়ন্স লিগ) জেতার সম্ভাবনা আরও কম ছিল। এই মৌসুমে আমাদের আরও উন্নতি করা একটি দল আছে। গত বছর যা হয়েছিল, তা আবার হবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং আশা করছি আমরা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করব।”
প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দল রিয়ালের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিযানে ধাপে ধাপে এগিয়ে যেতে চান আনচেলত্তি।
“এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ সবসময় বড় দলের তকমা পেয়েছে। ক্লাবের ইতিহাস যেন এই প্রতিযোগিতার ইতিহাসের অংশ হয়ে গেছে।”
“আমরা সবসময়ের মতো উদ্দীপনার সঙ্গে শুরু করব। তবে কেউই জানে না যে সামনে কী ঘটতে যাচ্ছে। আমাদের প্রথমে গ্রুপ পর্ব নিয়ে ভাবতে হবে, জিততে হবে এবং তারপর দেখতে হবে (নভেম্বর ও ডিসেম্বরে) কাতার বিশ্বকাপের পর কী হয়।”
‘এফ’ গ্রুপে রিয়ালের অপর দুই প্রতিপক্ষ জার্মানির লাইপজিগ ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
