রদ্রির জন্য বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল সিটি, খবর বিবিসির
৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা, তবে ম্যানচেস্টার সিটির চাওয়া ৬ কোটি পাউন্ডের বেশি।
বিশ্বকাপ জয়ী রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটিকে ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়ে সফল হয়নি বার্সেলোনা। বিবিসির খবর, স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রাথমিক প্রস্তাবটি ইংলিশ ক্লাব ফিরিয়ে দিয়েছে।
৩০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে বিক্রি করতে আগ্রহী সিটি, তবে তাদের চাওয়া ৬ কোটি পাউন্ডের বেশি।
ইতিহাদ স্টেডিয়ামে চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন রদ্রি। এখনও তিনি নতুন চুক্তি স্বাক্ষর করেননি। ফলে এই গ্রীষ্মে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
গত কিছুদিনে ধারণা করা হচ্ছিল, তার পরবর্তী গন্তব্য হতে পারে রেয়াল মাদ্রিদ, কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখন এই দৌড়ে এগিয়ে আছে। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি জানায়, সিটির সঙ্গে আলোচনা শুরু করার জন্য ক্লাবটি খেলোয়াড়ের সম্মতি পেয়েছে। শুক্রবার প্রস্তাবটি দেওয়া হয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
বিবিসি লিখেছে, বার্সার সূত্রগুলো প্রথমে তাদের জানিয়েছিল, কোনো চুক্তি হবে কি না, এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এখন সবকিছু এগোচ্ছে বলে মনে হচ্ছে।
ক্লাব পর্যায়ে রদ্রির সবশেষ দুটি মৌসুম চোটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। আর গত মৌসুমে বেশ কয়েকটি সমস্যার কারণে তাকে নিয়মিত পায়নি সিটি।
তবে ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী এই তারকা এবারের বিশ্বকাপে সেরা ফর্মে ফেরেন। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে রাখেন উল্লেখযোগ্য অবদান। কোনো গোল কিংবা অ্যাসিস্ট না করেও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন তিনি।
গত মাসে পিঠের অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে মাঠের বাইরে আছেন এবং আগামী সপ্তাহের শুরুতে ম্যানচেস্টারে তার সিটি সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
গ্রীষ্মের দলবদলের অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ ঘনিয়ে আসায়, সিটি সম্ভাব্য বিকল্প খেলোয়াড় চুক্তিবদ্ধ করার জন্য রদ্রির ভবিষ্যৎ দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে থাকবে।
বিবিসি লিখেছে, লিল থেকে মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদিকে চুক্তিবদ্ধ করার জন্য সিটির আলোচনা চলছে, কিন্তু ফরাসি ক্লাবটির ৮ কোটি ৬০ লাখ পাউন্ড দাম চাওয়াটা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে।
