২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতিসকে ৯-০ গোলে উড়িয়ে ফের লিগা এফ চ্যাম্পিয়ন বার্সেলোনা

এনিয়ে টানা ষষ্ঠবার স্পেনের মেয়েদের ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা জিতল কাতালান ক্লাবটি।

বেতিসকে ৯-০ গোলে উড়িয়ে ফের লিগা এফ চ্যাম্পিয়ন বার্সেলোনা
রেয়াল বেতিসকে গোল বন্যায় ভাসিয়ে দশম লিগা এফ শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনার মেয়েরা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

আক্রমণের ঝড় বইয়ে দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখল বার্সেলোনা। মিলল একের পর এক গোল। রেয়াল বেতিসকে উড়িয়ে ফের লিগা এফ-এর শিরোপা ঘরে তুলল কাতালান ক্লাবটি।

স্পেনে মেয়েদের ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় রোববার বেতিসকে ৯-০ ব্যবধানের হারিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন ক্লাওদিয়া পিনা। লিগে এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করেছে তারা।

এনিয়ে টানা ষষ্ঠবার শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনার মেয়েরা। সব মিলিয়ে দশমবার এই ট্রফি জয়ের স্বাদ পেল তারা।

২৯ ম্যাচে ২৭ জয়ে ৮১ পয়েন্ট বার্সেলোনার, আসরে দুটি ম্যাচে হেরেছে দলটি। সমান ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

টানা দ্বিতীয় মৌসুমে কোয়াড্রপল জয়ের হাতছানি এখন বার্সেলোনার সামনে। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে তারা।

উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ২৪ মে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। টানা তৃতীয়বার ইউরোপ সেরার মুকুট জয়ের সুযোগ তাদের সামনে।

এরপর কোপা দে লা রেইনার শিরোপার নির্ধারণী ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে তারা, আগামী ৭ জুন। 

বার্সেলোনার বিপক্ষে এই হারে লিগা এফ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বেতিসের। ১৬ দলের প্রতিযোগিতায় ২৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে তারা।