২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে এবার লাল কার্ডের সেঞ্চুরি দেখছেন আর্তেতা

গোটা মৌসুমে অন্তত ১০০ ম্যাচে লাল কার্ড দেখানো হবে, ধারণা আর্সেনাল কোচ মিকেল আর্তেতার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 12:49 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

তিন ম্যাচের মধ্যে দুটি লাল কার্ড পাওয়া হয়ে গেছে আর্সেনালের। মৌসুমের শুরুতেই যা অবস্থা, তাতে গোটা মৌসুমের চিত্রই অনুমান করতে পারছেন মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে ১০০ ম্যাচে লাল কার্ড দেখা যাবে বলে মনে করছেন আর্সেনাল কোচ।

প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের লেয়ান্দ্রো ত্রোসার দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন প্রথমার্ধেই। একজন কম নিয়েও অবশ্য অসাধারণ এক জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্সেনাল। তবে শেষ রক্ষা হয়নি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের অষ্টম মিনিটে জন স্টোনসের গোলে ২-২ সমতায় শেষ হয় উত্তেজনাপূর্ণ লড়াই।

স্টোনসের ওই শেষের গোলের আগ পর্যন্ত ত্রোসারের মাঠ ছেড়ে যাওয়াই ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। কদিন আগে ব্রাইটনের বিপক্ষে লাল কার্ড দেখেন আর্সেনালের ডেক্লান রাইস। 

ম্যাচ শেষে এটা নিয়ে মন্তব্য করতে গিয়েই গোটা মৌসুমের সম্ভাব্য চিত্র ফুটিয়ে তুলতে চাইলেন আর্সেনাল কোচ।

“এটাই বলছি আমি। এটা নিশ্চিত যে, এসব নিয়ে মন্তব্য করা খুব জরুরি কিছু নয়। এবার নিয়ে দ্বিতীয়বার হলো। আমার ধারণা, প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচ হবে, এই মৌসুমে যেখানে ১১ জনের সঙ্গে ১০ জন বা ১০ জনের সঙ্গে ৯ জনকে লড়তে হবে। দেখা যাক…।”

তাকে তখন জিজ্ঞেস করা হয়, এই ঘটনা নিয়ে সত্যিকারের মতামত প্রকাশ করতে পারছেন কি না, আর্সেনাল কোচ তখন বেছে নেন কিছুটা নিরাপদ পথ।

“যদি চাই, তাহলে বলতে পারি। আজকে আমি চাই না (বলতে)।”

“মন্তব্য না করাটাই শ্রেয় মনে হচ্ছে আজকে। যা দেখার আমি দেখেছি এবং সেটা অবধারিতই। আপনাদের ওপরই ছেড়ে দিচ্ছি বাকিটা। মাঠে যা হয়েছে, তা সমাধান করতে গিয়ে এমনিতেই বড় ঝামেলায় পড়েছিলাম। মাঠের সমস্যা সমাধান করার দায়িত্ব তো আমার নয়।”

রোববার পর্যন্ত এই মৌসুমে লাল কার্ড দেখানো হয়েছে ছয়টি। গোট মৌসুমে মোট ম্যাচ ৩৮০টি। 

ওই লাল কার্ডের পরও সিটির মতো একটি দলের বিপক্ষে এতটা সময় এগিয়ে থেকে শেষ সময়ে গোল হজম করায় দল যে হতাশ, সেটা লুকাননি আর্তেতা। তবে দলের সামগ্রিক পারফরম্যান্স ও মানসিকতায় গর্বের উপকরণ খুঁজে পাচ্ছেন কোচ। 

“অবশ্যই ছেলেরা খুব হতাশ (পয়েন্ট হারিয়ে)… এতটা লড়াই করেছে ওরা। প্রতিটি মুহূর্তে মনপ্রাণ উজাড় করে খেলেছে। এরপর শেষ সময়ে এভাবে শাস্তি পাওয়া… খেলা হওয়ার কথা ছিল ৯৭ মিনিট, এরপর ৯৯ মিনিট হয়ে গেল… ওরা অবশ্যই হতাশ। তবে ওরা জানে, আজকে ওরা বড় এক পদক্ষেপ নিয়েছে, দল হিসেবে ও ব্যক্তিগতভাবে ওরা যা করেছে, তা করতে পারা দারুণ।”

“দল যেভাবে লড়াই করেছে, তা অবিশ্বাস্য। ওদেরকে নিয়ে আমি এত গর্বিত! এই ধরনের প্রতিপক্ষের সামনে এর চেয়ে কঠিন পরিস্থিতিতে পড়া আর সম্ভব ছিল না, তার পরও আমরা যেভাবে সামলে নিয়েছি, তা অসাধারণ। ওদেরকে নিয়ে আমি গর্বিত।”

এই ড্রয়ের পর পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।