১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেতিসের বিপক্ষে ড্রয়ের পর রেয়াল কোচের কাঠগড়ায় রেফারি

বেতিসের গোলের আগে ফেরলঁদ মঁদিকে করা ফাউল বিবেচনায় নেওয়া হয়নি এবং হ‍্যান্ডবলের জন‍্য রেয়াল মাদ্রিদ একটি পরিষ্কার পেনাল্টি পায়নি- অভিযোগ কোচ আলভারো আরবেলোয়ার।

বেতিসের বিপক্ষে ড্রয়ের পর রেয়াল কোচের কাঠগড়ায় রেফারি
বেতিসের এক্তর বেইয়েরিন চতুর্থ রেফারির সঙ্গে কথা বলছেন রেয়াল মাদ্রিদ আলভারো আরবেলোয়া ও ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেকটি ধাক্কা খাওয়ার পর, রেফারির কঠোর সমালোচনা করেছেন আলভারো আরবেলোয়া। রেয়াল মাদ্রিদ কোচ দাবি করেছেন, বেতিসের গোলের আগে ফাউল করা হয়েছিল ফেরলঁদ মঁদিকে এবং প্রথমার্ধে হ‍্যান্ডবলের জন‍্য পরিষ্কার একটি পেনাল্টি তাদের দেওয়া হয়নি। 

মৌসুম জুড়েই অধারাবাহিক রেয়াল। লা লিগার শেষ পর্যায়ে এসেও একই চিত্র। শুক্রবার বেতিসের মাঠে ১-১ ড্র করেছে প্রতিযোগিতার সফলতম দলটি। লিগে শেষ চার ম‍্যাচে এটি তাদের দ্বিতীয় ড্র, জয়-পরাজয় একটি করে। 

দলের অধারাহিকতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না আরবেলোয়া। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভাগ‍্যের একটু স্পর্শ প্রয়োজন বলে মনে করছেন তিনি। 

“যদি পরিষ্কার কোনো কারণ থাকতো তো আমরা সেটা ঠিক করে নিতাম। যখন আপনি এমন ম‍্যাচ খেলবেন, লড়াই করে ফল পাওয়ার চেষ্টা করবেন, এই পরিস্থিতিতে এগুলো হতে পারে। এটা পরিষ্কার যে, আমরা ভাগ‍্যের খুব একটা সহায়তা পাইনি।”

বার্সেলোনার সঙ্গে ব‍্যবধান ৬ এ নামিয়ে আনতে না পারায় নিজের দল নয়, রেফারির দায় দেখছেন রেয়াল কোচ। 

“আমার মতে, প্রথমার্ধে ব্রাহিম দিয়াসের শটে রিকার্দো রদ্রিগেসের হ‍্যান্ডবলে পরিষ্কার পেনাল্টি ছিল। যেটা ম‍্যাচ পুরোপুরি আমাদের দিকে নিয়ে আসতে পারত। আর বেতিসের গোলের আগে মঁদিকে ফাউল করা হয়।”

“অনেক ম‍্যাচেই আমাদের সঙ্গে এমন করা হয়েছে। যারা সিদ্ধান্ত নেন, মনে হচ্ছে না তারা ফুটবলের ব‍্যাপারে খুব একটা জানেন।”

৩৩ ম‍্যাচে রেয়ালের পয়েন্ট ৭৪। ৩২ ম‍্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। নিজেদের ম‍্যাচ জিতে রেয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানি হান্স ফ্লিকের দলের সামনে।