১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ দিয়েই ওচোয়ার শেষ

আসন্ন আসরের পর সব ধরনের ফুটবল থেকে বিদায় নেবেন মেক্সিকোর এই আইকনিক গোলরক্ষক।

বিশ্বকাপ দিয়েই ওচোয়ার শেষ
মেক্সিকান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:29 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

মেক্সিকোর ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক গোলরক্ষকদের একজন গিয়ের্মো ওচোয়া ক‍্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন বিশ্বকাপ শেষেই সব ধরনের ফুটবল থেকে বিদায় নেবেন তিনি। 

ইতালিয়ান ক্রীড়া সংবাদিক ফাব্রিসিও রোমানো এক্সে এক বার্তায় ওচোয়ার ভবিষ‍্যত নিয়ে মন্তব‍্য করেন। রিটুইট করে দৃশ‍্যত সেটি নিশ্চিত করেন মেক্সিকোর ৪০ বছর বয়সী গোলরক্ষক। 

ফুটবলারদের দলবদল নিয়ে বিশেষজ্ঞ রোমানো এক্সে লেখেন, “মেমো ওচোয়া মেক্সিকোর প্রতিনিধিত্ব করে ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন। কিংবদন্তি এই গোলরক্ষক থাকবেন মেক্সিকো দলে। এর পরেই ক্লাব ও জাতীয় দল থেকে বিদায় নেবেন ওচোয়া, অবসর নেবেন পেশাদার ফুটবল থেকে।”

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো ওচোয়ার সামনেও মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ দিয়ে সর্বোচ্চ ছয় আসরে খেলার হাতছানি। ২০০৬ আসরে প্রথমবার খেলেন তিনি, পরে একে একে অংশ নেন ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। সবশেষ আসরে তিনি পেনাল্টিতে ঠেকান রবের্ত লেভানদোভস্কির শট। 

২২ বছরের ক‍্যারিয়ারে ওচোয়া খেলেছেন ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষে। এখন তিনি খেলছেন সাইপ্রাসের প্রথম বিভাগের দল এইএল লিমাসলে। 

মেক্সিকোর সংবাদমাধ‍্যম টিইউডিএনের সঙ্গে আলাপচারিতায় গত সোমবার নিজের ভবিষ‍্যৎ নিয়ে বলেন ওচোয়া।

“বিশ্বকাপের পর আমার যাত্রার সমাপ্তি হতে পারে। নিঃসন্দেহে এটা কঠিন, তবে আমার মনে হয় না, বিদায় বলা আমার জন‍্য কঠিন হবে।”

“আপনি এমন একটি পর্যায়ে আসবেন যখন আপনার মাথা ও শরীর বলবে যে, নিজের সবটুকু আপনি দিয়েছেন এবং আপনি নিজের কাছে পরিষ্কার থেকে বিদায় নিতে পারবেন।”

আগামী ১ জুন দল ঘোষণা করবেন মেক্সিকো কোচ হাভিয়ের আগিরে। অভিজ্ঞতার জন‍্য শুরুর একাদশে ওচোয়া জায়গা পান, নাকি তরুণ তালা রানজেল খেলেন দেখার জন‍্য আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন অনেকেই।

একাদশ যাই হোক, ওচোয়া হতে পারেন দলের অধিনায়কদের একজন। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ।