২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে বাজে’ ৪৮ ঘণ্টার পর এবার খুশি মারেস্কা

আগের ম্যাচের বিতর্কিত মন্তব্যের পর এবার চেলসি কোচের কণ্ঠে শান্তির জয়গান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 11:51 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বিতর্কের উত্তাল হাওয়া অবশেষে বন্ধ হয়েছে। দুঃসময়ের ঝাপটা কাটিয়ে ওঠা গেছে। ঝড় তোলা মন্তব্যের পর এন্টসো মারেস্কার কণ্ঠেও এখন শান্তির গান। চেলসি কোচ বলছেন, এই ক্লাবে তিনি বরাবরই খুশি।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনকে ২-০ গোলে হারানোর পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন মারেস্কা। চার ম্যাচের মধ্যে চেলসির প্রথম জয় ছিল সেটি। ম্যাচের পর কোচ বলেন, আগের ৪৮ ঘণ্টা ছিল এই ক্লাবে যোগ দেওয়ার পর তার সবচেয়ে বাজে ৪৮ ঘণ্টা, কারণ অনেকেই তাকে ও দলকে সমর্থন করেননি।

‘অনেকে’ বলতে কারা, সেটি তিনি পরিষ্কার করেননি। তবে তার মন্তব্যে পরিস্থিতি হয়ে ওঠে টালমাটাল। ক্লাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেওয়া হয়।

এর মধ্যেই লিগ কাপে মঙ্গলবার কার্ডিফ সিটিকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় চেলসি। আলেহান্দ্রো গার্নাচো করেন দুটি গোল, একটি পেদ্রো নেতো।

ম্যাচের পর মারেস্কার প্রতিক্রিয়ায় ফুটে উঠল, তার ভেতরের ক্ষোভের আঁধার মিলিয়ে গিয়ে স্বস্তির আলো ফিরেছে।

“আমি স্রেফ খুশি। আরেকটি সেমি-ফাইনাল খেলতে যাচ্ছি আমরা এবং সমর্থকদের এটিই প্রাপ্য। দারুণ মুহূর্ত ছিল এটি। কখনও কখনও যখন আমরা জিততে পারি না, তারা (সমর্থকেরা) অখুশী হয়। তবে এটা স্বাভাবিকই। তবে সব মিলিয়ে সমর্থকেরা সবসময় পাশেই থাকে।”

“এই ধরনের ম্যাচগুলিতেই ফুটবলাদের প্রতি আরও বেশি ভালোবাসা জন্মায় আমার। কারণ আপনারা ভাবতেও পারবেন না, পা হড়কানো কতটা সহজ। এই ধরনের ম্যাচগুলি সবসময়ই ঝুঁকিপূর্ণ।”

আগের ম্যাচের ওই আলোচিত মন্তব্যের পর ক্লাব কর্তৃপক্ষের কারও সঙ্গে কোনো কথা হয়নি বলেও দাবি করলেন কোচ।

“কারও সঙ্গে কথা হয়নি আমার। কারও সঙ্গে কথা বলিনি, নাহ…। সমস্যা নেই। সবসময়ই বলে এসেছি, এখানে প্রথম দিন থেকেই আমি সুখী। এমন নয় যে শুধু আজকেই খুশি আমি।”