চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
আর্সেনালের চোটে পড়া খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়ল।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আরেকটি বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।
এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডে ৩৮তম মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে ইউনাইটেডের ব্রুনো ফের্নান্দেসকে পেছন থেকে আঘাত করেন জেসুস। দুজনই মাটিতে লুটিয়ে পড়েন এবং ফের্নান্দেসের বুট খুলে যায়।
রেফারি ফ্রি-কিক না দেওয়ায় ক্ষোভে দুবার বুট মাটিতে ছুড়ে ফেলেন ফের্নান্দেস। এতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ফের্নান্দেস ক্ষুব্ধ হলেও, জেসুস হাঁটু চেপে শুয়ে থাকেন। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
তখন হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ২৭ বছর বয়সী এই ফুটবলারের চোট বেশ গুরুতর।
তাকে নিয়ে আর্সেনালের চোটে পড়া খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়ল। হ্যামস্ট্রিংয়ের চোটে অন্তত আগামী মার্চ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকাকে।
এছাড়া পেশির চোটে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ইথান ওয়ানেরি, হাঁটুর চোটে দুই ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসু ও বেন হোয়াইট মাঠের বাইরে আছেন।
