ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবি মানবাধিকার আইনজীবীদের
ফিলিস্তিনে চলমান গণহত্যা অথবা আইন লঙ্ঘন নিয়ে ফিফা উদাসীন থাকতে পারে না বলে মনে করছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।
ফিলিস্তিনের গাজায় আক্রমণ ও গণহত্যার মাধ্যমে ইসরায়েল ফিফার উদ্দেশ্যগুলো ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ আইনজীবীদের একটি দল। ইসরায়েলকে ফুটবল সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা।
ইসরায়েলকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব গত মে মাসে দেয় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। এই মাসে ফিফা তাদের কাউন্সিলের এক সভায় এই বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে একটি জরুরি আইনি মূল্যায়নের আদেশ দেয়।
এশিয়ান ফুটবল কনফেডারেশনও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সমর্থন দিয়েছিল। পিএফএ সভাপতি জিব্রিল আল-রাজউব বলেছেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা অথবা আইন লঙ্ঘন নিয়ে ফিফা উদাসীন থাকতে পারে না।
ফিলিস্তিনের প্রস্তাবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার এবং আরব খেলোয়াড়দের প্রতি বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। যদিও আইএফএ তা প্রত্যাখ্যান করেছে।
